নবান্ন অভিযানে পুলিশকে রাস্তায় ফেলে মেরেছিলেন, সেই BJP কর্মী গ্রেফতার

গত ৯ই আগস্ট নবান্ন অভিযানের সময় কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের ওপর বেপরোয়া হামলার অভিযোগে এক সক্রিয় বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ধৃত ওই বিজেপি কর্মীর নাম চন্দন গুপ্ত। সিসিটিভি ফুটেজ ও পুলিশের বডি ক্যামেরার ভিডিও দেখে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় বেন্টিক স্ট্রিট ও বি.বি. গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যা মামলার প্রতিবাদে বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। সেই মিছিলেই প্রশান্ত পোদ্দার নামে এক পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে মারধর করা হয়। প্রশান্ত পোদ্দার কলকাতা পুলিশের ডিসিপি (এসএসডি) বিদিশা কলিতা দাশগুপ্তের দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগে বলা হয়েছে, তিনি যখন ডিউটিতে ছিলেন, তখন একদল বিজেপি কর্মী তাকে রাস্তায় ফেলে মারধর করে।

এই হামলায় প্রশান্ত পোদ্দার গুরুতর আহত হন। মাথা এবং কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। ঘটনার পর কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা হাসপাতালে গিয়ে আহত কনস্টেবলের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

হামলার ঘটনায় নিউ মার্কেট থানায় অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা (১০৯(১)/১২১(২)/৩(৫) ধারায়) এবং অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। তদন্ত চলাকালীন পুলিশ চন্দন গুপ্তের সরাসরি জড়িত থাকার প্রমাণ পায়। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বুধবার তাকে আদালতে তোলা হলে তার হেফাজতের আবেদন জানানো হবে। এই গ্রেপ্তারের পর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।