শিয়ালদা-রানাঘাট AC লোকাল চলবে আজ থেকেই, জেনেনিন টাইম টেবিল ও ভাড়া কত?

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পূর্ব রেলের মুকুটে যুক্ত হলো নতুন পালক। সোমবার থেকে রানাঘাট-শিয়ালদা রুটে শুরু হলো এসি লোকাল ট্রেনের পরিষেবা, যা পূর্ব রেলের ইতিহাসে প্রথম। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। রবিবার আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের উদ্বোধন হলেও, সোমবার সকাল থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু হয়। সকাল ৮টা ২৯ মিনিটে রানাঘাট স্টেশন থেকে ট্রেনটি শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

সময়সূচি ও ভাড়া

রানাঘাট-শিয়ালদা রুটে প্রতিদিন এক জোড়া এসি লোকাল ট্রেন চলবে। সকাল ৮টা ২৯ মিনিটে রানাঘাট থেকে একটি ট্রেন ছাড়বে এবং শিয়ালদা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফিরতি ট্রেন পাওয়া যাবে।

রানাঘাট-শিয়ালদা রুটে ট্রেনের সময়সূচি:

  • রানাঘাট: সকাল ৮টা ২৯ মিনিট
  • নৈহাটি: সকাল ৯টা ০৭ মিনিট
  • ব্যারাকপুর: সকাল ৯টা ২৭ মিনিট
  • দমদম জংশন: সকাল ৯টা ৫১ মিনিট
  • শিয়ালদা: সকাল ১০টা ১০ মিনিট

১২ কামরার এই এসি লোকাল ট্রেনের ন্যূনতম ভাড়া ৩৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১২০ টাকা। ১০ কিলোমিটার পর্যন্ত ৩৫ টাকা, ১১-১৫ কিমি পর্যন্ত ৪০ টাকা, এবং ৮০ কিমি পর্যন্ত ১২০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে। যাত্রীদের বৈধ টিকিট কেটে তবেই ট্রেনে উঠতে হবে, যার জন্য প্রতিটি কামরায় টিকিট চেকার উপস্থিত থাকবেন।

ট্রেনের বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধা

এই এসি লোকাল ট্রেনে ১,১২৬ জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। এটি রানাঘাট-শিয়ালদা রুটের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে, যার মধ্যে রয়েছে চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম এবং বিধাননগর।

যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই ট্রেনে বিভিন্ন অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি কামরায় সিসিটিভি ক্যামেরা, অগ্নি নির্বাপক ব্যবস্থা, অ্যালার্ম ব্যবস্থা এবং জরুরি অবস্থায় গার্ডের সঙ্গে যোগাযোগের জন্য টক-ব্যাকিল সিস্টেম রয়েছে। কামরার উভয় দিকেই স্বয়ংক্রিয় দরজা (Automatic doors) থাকছে। এছাড়া, ট্রেনের সামনে ও পিছনের কামরা মহিলাদের জন্য সংরক্ষিত এবং প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্য দুটি কামরায় মোট ১২টি আসন রয়েছে। এই নতুন পরিষেবা যাত্রীদের যাতায়াতকে আরও আরামদায়ক ও নিরাপদ করে তুলবে বলে আশা করা হচ্ছে।