SPORTS: মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি ১৭ অগাস্ট? জেনেনিন কি জানা যাচ্ছে সর্বশেষ খবরে?

সাধারণত ডুরান্ড কাপেই মরশুমের প্রথম কলকাতা ডার্বি অনুষ্ঠিত হয়, কিন্তু এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গলকে আলাদা গ্রুপে রাখা হয়েছিল। তবুও শোনা যাচ্ছে, ডুরান্ড কমিটি এবার কোয়ার্টার ফাইনালেই এই দুই দলকে মুখোমুখি করার জন্য মরিয়া। সূত্রের খবর, ১৭ আগস্ট ডার্বি আয়োজনের ব্যাপারে দুই ক্লাবের কাছেই চিঠি পাঠানো হয়েছে।
ডুরান্ড কমিটি এবার গ্রুপ পর্ব থেকেই নিশ্চিত হতে চেয়েছিল যে নক আউট পর্বে যেন ডার্বি হয়। তাই তারা লটারি করে কোয়ার্টার ফাইনালে এই দুই দলকে মুখোমুখি করানোর কথা ভাবছে। সাধারণত গ্রুপ পর্বে কোনো দল দ্বিতীয় স্থানে থাকলে তবেই নকআউটে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এবার দুটি দলই নিজেদের গ্রুপে শীর্ষে থেকে শেষ আটে পৌঁছেছে, ফলে নিয়ম অনুযায়ী তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল না। তবে ডুরান্ড কর্মকর্তারা চান না যে নকআউট পর্বে কোনো এক দল হেরে গেলে ডার্বি আর না হয়। তাই তারা কোনো ঝুঁকি নিতে চাইছেন না এবং জোর করে কোয়ার্টার ফাইনাল ডার্বি আয়োজন করতে চান।
অনুশীলনে দুই দলের বাড়তি তৎপরতা চোখে পড়ার মতো। মোহনবাগান শিবির যদিও মনবীর সিং-এর চোট নিয়ে কিছুটা চিন্তায়, তবে দুই দলেরই মরশুমের শুরুটা বেশ ভালো হয়েছে। নিজেদের গ্রুপে প্রতিপক্ষদের উড়িয়ে দিয়ে তারা শেষ আটে পৌঁছেছে। গোল পার্থক্যের হিসেবে মোহনবাগান মাত্র ১ গোল পিছিয়ে আছে। কলকাতা লিগের ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল, তাই ডুরান্ড ডার্বি জিতে সেই হারের শোধ তুলতে মরিয়া মোহনবাগান।
কোয়ার্টার ফাইনালে ডার্বি হওয়ার জল্পনা শুরু হতেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো হুঙ্কার দিয়ে বলেছেন, “আমি জানি না ডুরান্ড কর্তৃপক্ষ কী ঠিক করবেন, তবে প্রতিপক্ষ যেই হোক আমরা খেলতে প্রস্তুত।” অন্যদিকে মোহনবাগান কোচ হোসে মলিনা এ বিষয়ে কিছু না বললেও, ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত জানিয়ে দিয়েছেন, “আমাদের দল যেকোনো প্রতিপক্ষকে মোকাবিলা করতে প্রস্তুত।”
এখন দেখার বিষয়, ডুরান্ড কমিটি শেষ পর্যন্ত লটারির মাধ্যমে ডার্বি আয়োজন করতে পারে কি না। যদি তা হয়, তবে মরশুমের শুরুতেই ফুটবলপ্রেমীরা এক হাই-ভোল্টেজ ডার্বি উপভোগ করতে পারবেন।