রোহিত-বিরাটের ভবিষ্যৎ অনিশ্চিত, ২০২৭ বিশ্বকাপে তাঁদের খেলা নিয়ে বাড়ছে জল্পনা

ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মা কি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবেন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে তরুণ ভারতীয় দল যেভাবে কোহলি-রোহিতকে ছাড়াই সফল হয়েছে, তাতে তাঁদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে।
আগের খবর অনুযায়ী, বিরাট এবং রোহিত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের এই পরিকল্পনা এখন প্রশ্নের মুখে। ২০২৭ বিশ্বকাপে দুজনেই ৪০ ছুঁইছুঁই থাকবেন, যা তাঁদের ফিটনেসের উপর প্রশ্ন তৈরি করছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণ’-এর প্রতিবেদন অনুসারে, বিসিসিআই নাকি ইতোমধ্যে এই দুই তারকাকে একটি বার্তা পাঠিয়েছে। বোর্ড সূত্রের খবর, যদি তাঁরা ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান, তাহলে তাঁদের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে নিয়মিত খেলতে হবে। তবে এই সম্ভাবনা বেশ কম বলেই মনে করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে, সেখানেই এই দুই তারকার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি হতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, একঝাঁক তরুণ ক্রিকেটার যেভাবে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে চলেছেন, তাতে তাঁদের সুযোগ না দেওয়াটা অন্যায় হবে। এই কারণেই হয়তো ভারতীয় ক্রিকেটের এই দুই কিংবদন্তির উপর কোপ পড়তে পারে।