চ্যাটজিপিটির পরামর্শ মেনে ডায়েটে ব্রোমাইড, গুরুতর বিষক্রিয়ায় হাসপাতালে যুবক

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর চ্যাটজিপিটির দেওয়া পরামর্শ মেনে ডায়েট করার পর এক যুবক গুরুতর ব্রোমাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, এআই-এর পরামর্শে এমন মারাত্মক ব্রোমাইড বিষক্রিয়ার ঘটনা এই প্রথম তাদের নজরে এসেছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা ‘অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন’ জার্নালে এই চাঞ্চল্যকর ঘটনাটি রিপোর্ট করেছেন।

রিপোর্টে বলা হয়েছে, ওই যুবক নিজের ডায়েটে অতিরিক্ত লবণের বিষয়ে চিন্তিত ছিলেন এবং এর বিকল্প হিসেবে ক্লোরাইডের সন্ধান করছিলেন। এই বিষয়ে তিনি চ্যাটজিপিটির কাছে পরামর্শ চাইলে, এআই টুলটি সোডিয়াম ব্রোমাইডকে একটি নিরাপদ বিকল্প হিসেবে সুপারিশ করে। এরপর ওই যুবক কোনো রকম সতর্কতা ছাড়াই টানা তিন মাস ধরে সোডিয়াম ব্রোমাইড সেবন করেন, যা থেকে তার শরীরে বিষক্রিয়া হয়।

প্রাথমিকভাবে, ওই যুবককে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি অভিযোগ করেন যে তার প্রতিবেশীরা তাকে বিষ দিয়েছে। তার আচরণ অস্বাভাবিক ছিল, তিনি হ্যালুসিনেশনে ভুগছিলেন এবং মানসিক সমস্যা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। চিকিৎসকরা প্রথমে তাকে অ্যান্টি-সাইকোটিক ওষুধ দিয়ে এবং ইন্ট্রাভেনাস ফ্লুইড দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। অবস্থার উন্নতি হলে তিনি তার অসুস্থতার পেছনের আসল কারণটি জানান।

ব্রোমাইড একসময় উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসায় ব্যবহৃত হলেও, এর স্বাস্থ্যঝুঁকির কারণে কয়েক দশক আগেই এর ব্যবহার বাতিল করা হয়েছে। বর্তমানে এটি পশুর ওষুধ ও কিছু শিল্প পণ্যে পাওয়া যায়।

চিকিৎসকরা ওই যুবককে তিন সপ্তাহ ধরে হাসপাতালে রেখে চিকিৎসা করেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনা প্রসঙ্গে চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন যে, এআই টুল বৈজ্ঞানিক তথ্য সহজলভ্য করতে সাহায্য করলেও, এটি কখনোই পেশাদার চিকিৎসকের বিকল্প হতে পারে না। এই ঘটনাটি এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেছে।