ভারতের উন্নতিতে ঈর্ষান্বিত আন্তর্জাতিক শক্তি, ট্রাম্পের শুল্ক বৃদ্ধিকে গুরুত্ব দিলেন না রাজনাথ

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় ভারত সরকারের ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আমেরিকায় ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এই ধরনের পদক্ষেপকে পরোয়া করে না ভারত, এই বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার মধ্যপ্রদেশে এক অনুষ্ঠানে তিনি নাম না করে ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন যে, ভারতের দ্রুত উন্নতিতে আন্তর্জাতিক শক্তিগুলো ঈর্ষান্বিত।

ট্রাম্পকে ‘সবার বস’ বলে খোঁচা দিয়ে রাজনাথ সিং বলেন, “ভারতের উন্নতি কিছু লোক হজম করতে পারছে না। তারা এটা ভালোভাবে নিচ্ছে না। ভাবছে, সবার বস তো আমি, ভারত কীভাবে এত দ্রুত উন্নতি করছে?” তিনি অভিযোগ করেন যে, অন্য দেশে যখন ভারতীয় পণ্য রফতানি করা হচ্ছে, তখন তাকে ব্যয়বহুল করার চেষ্টা চলছে।

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছেন, যার ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের দাম বাড়বে। এই প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, “ভারতীয় পণ্যকে অন্য দেশে দামি করে তা পরিত্যাগ করার চেষ্টা চলছে।” তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “ভারত যে গতিতে এগিয়ে চলেছে, আমি আপনাদের নিশ্চিত করছি, কোনও আন্তর্জাতিক শক্তি ভারতকে সুপার পাওয়ার হওয়া থেকে আটকাতে পারবে না।”

রাজনাথ সিং একইসঙ্গে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনার প্রশংসা করেন এবং বলেন, “আমাদের কেউ আঁচড় কাটলে আমরা তাদের ছেড়ে দেব না।” তিনি আরও জানান যে, ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি ২৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের শক্তিকে তুলে ধরে।