২৬-এর ভোটের আগে পুজোয় ফিরল বিজেপি, ফের ইজেডসিসিতে দুর্গাপুজোর আয়োজন

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের পুরনো মেজাজে ফিরে এলো বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর গত দু’বছর দুর্গাপুজোর আয়োজন থেকে দূরে থাকলেও, ২০২৬ সালের ভোটের আগে আবারও পুজোয় সক্রিয় হলো গেরুয়া শিবির। রবিবার সল্টলেকের ইজেডসিসিতে খুঁটিপুজোর মাধ্যমে এই বছরের দুর্গাপূজার সূচনা করা হলো।
জানা যায়, ২০২০ সালে প্রথমবারের মতো ইজেডসিসিতে দুর্গাপূজা শুরু করেছিল বিজেপি। সেই পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২১ সালের নির্বাচনে পরাজয়ের পর পুজোর জৌলুসে কিছুটা ভাটা পড়ে। কিন্তু রীতিনীতি মেনে ২০২২ সালেও নামমাত্র পুজো হয়েছিল। এরপর ২০২৩ এবং ২০২৪ সালে ইজেডসিসিতে আর কোনো পুজো হয়নি। ২০২৩ সালে অবশ্য ইজেডসিসির উল্টোদিকে ঐক্যতানে পুজো হলেও তাতে তেমন জাঁকজমক ছিল না।
এবার আবারও ইজেডসিসিতে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। ‘পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ’-এর ব্যানারে এই পুজো অনুষ্ঠিত হলেও, খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সাংস্কৃতিক সেলের প্রধান রুদ্রনীল ঘোষ, প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি-সহ দলের একাধিক শীর্ষ নেতা-নেত্রী। এই আয়োজনকে রাজনৈতিক পর্যবেক্ষকরা আগামী নির্বাচনের আগে দলের কর্মীদের চাঙ্গা করার একটি কৌশল হিসেবে দেখছেন।