রক্তে ভাসলেন পথচারী, রাষ্ট্রপতি ভবনের কাছে সকাল সকাল সাংঘাতিক ঘটনা

দিল্লির হাই-সিকিউরিটি জোনে রাষ্ট্রপতি ভবনের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। রবিবার সকালে চাণক্যপুরী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রশ্ন উঠছে, কড়া নিরাপত্তায় মোড়া এই গুরুত্বপূর্ণ এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল।
জানা গেছে, রবিবার সকালে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন দুজন ব্যক্তি। হঠাৎই একটি দ্রুতগামী এসইউভি তাদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন আরেকজন। এই দুর্ঘটনার পর দীর্ঘ সময় পর্যন্ত মৃতদেহটি রাস্তাতেই পড়ে ছিল। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে।
এনডিটিভি সূত্রে খবর, পুলিশ এই ঘটনায় ২৬ বছর বয়সী এসইউভি চালককে গ্রেপ্তার করেছে। গাড়িটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নিবন্ধিত। পুলিশের প্রাথমিক তদন্তে গাড়ির ভেতর থেকে মদের বোতল উদ্ধার করা হয়েছে। যদিও চালক দাবি করেছেন, তিনি গাড়ি চালাতে চালাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। তবে পুলিশ তার এই দাবি খতিয়ে দেখছে এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তা জানার চেষ্টা করছে।
ঘটনার পর ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা দিল্লির ভিআইপি এলাকায় নিরাপত্তার ত্রুটি এবং বেপরোয়া গাড়ি চালানোর বিপদকে আবারও সামনে এনেছে।