ভারত-পাক ‘শান্তিতে’ সরাসরি জড়িত ছিলেন ট্রাম্প, এমনটাই দাবি মার্কিন বিদেশসচিবের

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার ভূমিকা নিয়ে ফের দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধে তারা সরাসরি যুক্ত ছিল এবং শান্তি স্থাপন ট্রাম্পেরই কাজ। যদিও ভারত সরকারের পক্ষ থেকে, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দাবি বারবার নস্যাৎ করেছেন।
গত তিন মাসে প্রায় দুই ডজনের বেশি বার ট্রাম্প নিজেই ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করেছেন। কিন্তু সম্প্রতি সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দেন যে, দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতিতে কোনো তৃতীয় ব্যক্তি বা দেশের ভূমিকা নেই।
এর পরেও মার্কো রুবিও ইডব্লিউটিএন-এর ‘দ্য ওয়ার্ল্ড ওভার’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে বলেন, “আমরা দেখেছি, ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু করে দিল। সেখানে আমরা সরাসরি যুক্ত ছিলাম। পরে যেভাবে শান্তি স্থাপন হলো, সেটাও প্রেসিডেন্টের কাজ।” তিনি ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড-কম্বোডিয়া, আজারবাইজান ও আর্মেনিয়া, ডিআরসি ও রুয়ান্ডার মতো দেশগুলিতেও শান্তি স্থাপনের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতেও মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয় হয়ে উঠবে।
এর আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটও একই দাবি করেছিলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প গড়ে প্রতি মাসে একটি করে যুদ্ধ থামিয়েছেন।
যদিও ভারত সরকার এই দাবি বারবার খারিজ করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ট্রাম্পকে সরাসরি জানিয়েছেন যে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনাতেই সংঘর্ষবিরতি হয়েছে এবং কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা এতে ছিল না। সংসদেও তিনি ট্রাম্পের নাম না নিয়েই এই বিষয়টি স্পষ্ট করে দেন।
এই ঘটনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপান, যা দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। অন্যদিকে, ট্রাম্প সম্প্রতি পাকিস্তানের ওপর শুল্ক কমিয়েছেন এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক চুক্তিও করেছেন। এই পদক্ষেপগুলি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা চলছে।