পরিবহন দপ্তরের ভুয়ো কর্মকর্তার ফাঁদে পরে টাকা হারালেন পুরুলিয়ার গ্যারেজ মিস্ত্রি!

প্রতারণার ফাঁদে এবার পুরুলিয়ার কোটশিলার বাসিন্দা ঈশ্বর কুমার নামে এক যুবক। পরিবহন দপ্তরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। এই ঘটনায় তিনি কোটশিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কীভাবে ঘটল প্রতারণা?
ঈশ্বর কুমার, যিনি পেশায় একজন সামান্য গ্যারেজ মিস্ত্রি, তাঁর দোকানে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি নিয়মিত আসতেন। উজ্জ্বল বাবু নিজেকে পরিবহন দপ্তরের আধিকারিক হিসেবে পরিচয় দিতেন এবং ছোটখাটো গাড়ির কাজ করাতেন। গত এপ্রিল মাসে তিনি ঈশ্বর কুমারকে বলেন যে ঝালদা পরিবহন দপ্তরে একটি নতুন অফিস হবে এবং সেখানে লোক লাগবে। চাকরির বিনিময়ে তিনি ঈশ্বর কুমারের কাছে ২ লাখ টাকা দাবি করেন।
প্রথমে সন্দেহ হলেও, উজ্জ্বল বাবু তাঁকে বোঝান যে আরটিও অফিসে লাইসেন্স টেস্টের জন্য আসা বাইকগুলোর ব্রেক, ইঞ্জিন ইত্যাদি পরীক্ষা করার জন্য লোক নিয়োগ করা হবে। এই কথা বিশ্বাস করে ঈশ্বর কুমার চড়া সুদে লোন নিয়ে সেই টাকা উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন।
পুলিশের দ্বারস্থ ঈশ্বর কুমার
টাকা দেওয়ার পর উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় চাকরি দেওয়ার ব্যাপারে গড়িমসি করতে শুরু করেন। ভুল বুঝতে পেরে অবশেষে ঈশ্বর কুমার পুলিশের দ্বারস্থ হন। কোটশিলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।