“এটা কী ধরনের জাত্যাভিমান?”-স্বামীকে ‘ছাপরি’ বলায় কড়া জবাব দিলেন স্বরা ভাস্কর

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর এবং তার স্বামী রাজনীতিবিদ ফাহাদ আহমেদের ব্যক্তিগত জীবন প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ২০২৩ সালে তাদের বিয়ের পর থেকে ভিন্ন ধর্মে বিয়ের কারণে স্বরাকে নানা কটাক্ষের শিকার হতে হয়েছে। সম্প্রতি একটি টেলিভিশন শোতে তাদের উপস্থিতি নিয়ে এক নেটিজেন যখন ফাহাদের চেহারা নিয়ে কটু মন্তব্য করেন, তখন চুপ থাকেননি স্বরা। তিনি ওই নেটিজেনকে কড়া ভাষায় জবাব দিয়েছেন, যা তার ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সম্প্রতি স্বরা এবং ফাহাদ একটি রিয়্যালিটি শো ‘পতি-পত্নী অর পাঙ্গা’-তে অংশ নেন। সেই শোয়ের কিছু ছবি স্বরা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই বিতর্ক শুরু হয়। এক নেটিজেন ফাহাদের চেহারা নিয়ে কটাক্ষ করে লেখেন, “ডোংরি থেকে ছাপরি, স্বরা স্বামীকে একটা রিয়ালিটি শোতে নিয়ে এসেছেন; স্বরার স্বামীকে পুরো রাস্তার দোকানদারদের মতো দেখতে লাগছে।”

এই ধরনের নোংরা মন্তব্যের জবাবে স্বরা ভাস্কর তার নিজস্ব কায়দায় প্রতিবাদ জানান। তিনি লেখেন, “এই লোকটি নিজেকে গর্বিত হিন্দু ও আম্বেদকরের অনুগামী বলে দাবি করেন। কিন্তু তিনি এটা জানেন না, ‘ছাপরি’ কথাটাও জাত তুলে কটাক্ষ করার মতোই। এটা খুবই নিম্নমানের একটি শব্দ, যা একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করার জন্য ব্যবহৃত হয়।”

স্বরা আরও বলেন, “ডোংরি বা অন্য কোনো এলাকার রাস্তার দোকানদার হওয়া- এর মধ্যে খারাপ কিছু নেই। বুঝলেন তো, এটা কী ধরনের জাত্যাভিমান?” স্বরার এই স্পষ্ট ও সাহসী জবাব মুহূর্তেই তার ভক্তদের নজর কাড়ে। নেটিজেনরা তার সাহসের প্রশংসা করেছেন এবং তার বুদ্ধিমত্তার তারিফ করেছেন। এই ঘটনা আবারও প্রমাণ করে দিয়েছে যে, স্বরা ভাস্কর সমাজের প্রচলিত ধ্যানধারণা এবং কটু মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সবসময়ই প্রস্তুত।