সমাজমাধ্যমে যৌনতার হাতছানি! ফাঁদে পা দিয়ে দু’বছরে ৯ কোটি টাকা খোয়ালেন ৮০-র বৃদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

সমাজমাধ্যমে প্রেম এবং যৌনতার ফাঁদে পড়ে গত দু’বছরে মোট ৯ কোটি টাকা খোয়ালেন মুম্বাইয়ের এক বৃদ্ধ। সম্প্রতি সর্বস্ব হারিয়ে পুলিশের দ্বারস্থ হলে এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। শার্ভি নামে এক মহিলা ওই বৃদ্ধকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সেখান থেকেই তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। শার্ভি জানান যে তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না এবং সন্তানদের নিয়ে আলাদা থাকেন। এরপর তিনি সন্তানদের অসুস্থতার নাম করে বৃদ্ধের কাছ থেকে টাকা চাইতে শুরু করেন।

এর কিছুদিন পর কবিতা নামে আরও এক মহিলা হোয়াটসঅ্যাপে ওই বৃদ্ধকে মেসেজ করতে শুরু করেন। তিনি নিজেকে শার্ভির পরিচিত বলে দাবি করেন এবং ক্রমে তার সঙ্গেও বৃদ্ধের ঘনিষ্ঠতা বাড়ে। কবিতা তাকে বিভিন্ন অশ্লীল ছবিও পাঠাতেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে আরও দুজন মহিলার সঙ্গেও বৃদ্ধের পরিচয় হয়। অভিযোগ, এই চারজনই প্রেম ও যৌনতার টোপ দিয়ে নানা অজুহাতে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

গত জুলাই মাসে সর্বস্বান্ত হয়ে ওই বৃদ্ধ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই পুরো প্রতারণা চক্রের নেপথ্যে একজনই রয়েছে। তিনি বিভিন্ন নামে ওই বৃদ্ধের সঙ্গে সম্পর্ক তৈরি করে যৌনতার টোপ দিয়ে টাকা আত্মসাৎ করতেন। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।