কানাডায় কপিল শর্মার ক্যাফেতে দ্বিতীয়বার হামলা! গ্যাংস্টারদের নিশানায় জনপ্রিয় কমেডিয়ান

বলিউড তারকা সলমন খানের সঙ্গে যোগসূত্রের কারণে কমেডিয়ান কপিল শর্মাকে গ্যাংস্টারদের রোষানলে পড়তে হচ্ছে। কানাডায় কপিলের ক্যাফেতে এক মাসের মধ্যে দু’বার হামলার ঘটনা ঘটেছে। এই হামলার দায় স্বীকার করে গ্যাংস্টার গোল্ডি ধিলন সমাজ মাধ্যমে পোস্টও করেছেন। এরপর থেকে কপিল শর্মার নিরাপত্তা নিয়ে প্রশাসন চিন্তিত এবং মুম্বাই পুলিশ তাঁকে নিরাপত্তা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

কানাডায় ফের হামলা
বৃহস্পতিবার (৭ই আগস্ট) কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে-তে কপিলের ক্যাফেতে ফের গুলি চালানো হয়। ৩০ দিনের মধ্যে এটি দ্বিতীয় হামলার ঘটনা। এই হামলার পর মুম্বাই পুলিশ আরও সতর্ক হয়েছে, কারণ তাদের মনে হচ্ছে অভিনেতার জীবনের ঝুঁকি ক্রমশ বাড়ছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই হামলার পর গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং এই ঘটনার দায় স্বীকার করে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছে। প্রথম হামলার পর ক্রাইম ব্রাঞ্চ কপিল শর্মাকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু কপিল জানান যে তাঁর কাছে কোনো হুমকি বা টাকার দাবি আসেনি। এখন পুলিশের আশঙ্কা, মুম্বইতেও কপিলের ওপর হামলা হতে পারে।

তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ
মুম্বাই পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যে, গ্যাংয়ের কোনো সদস্য কপিল শর্মার বাড়ি বা শুটিংয়ের আশেপাশে কোনো রেকি করেছে কি না। প্রথম হামলার পর সন্ত্রাসী গোষ্ঠী বাব্বর খালসার সদস্য হরজিৎ সিং দায় স্বীকার করেছিল। এবার দ্বিতীয় হামলার পর গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং দায় স্বীকার করেছে।

হামলার কয়েক ঘণ্টা পর গোল্ডি ধিলনের ভাইরাল হওয়া পোস্টে লেখা, “জয় শ্রী রাম। কপিল শর্মার ক্যাপস ক্যাফেতে যে হামলা হয়েছে তার দায় লরেন্স বিষ্ণোই গ্যাং ও আমি অর্থাৎ গোল্ডি ধিলন নিচ্ছি। পরবর্তী পদক্ষেপ শীঘ্রই মুম্বইতে নেওয়া হবে।” এই ঘটনায় এখনও পর্যন্ত কপিল শর্মা বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।