ফারাক্কায় হঠাৎ এ কী ঘটল…! বায়ুসেনার হেলিকপ্টার দেখে অবাক সকলে, এলাকায় চাঞ্চল্য

মুর্শিদাবাদের ফারাক্কা তালতলা গঙ্গাঘাটে হঠাৎ করে একটি বায়ুসেনার হেলিকপ্টারকে দেখে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তাল গঙ্গার উপরে হেলিকপ্টারটি থেকে অস্ত্রধারী সেনারা নেমে স্পিডবোর্ডে চড়ে টহল দিতে শুরু করে। এই অস্বাভাবিক দৃশ্য দেখতে ভিড় জমিয়েছিলেন বহু স্থানীয় মানুষ।

কী কারণে এই মহড়া?
সেনা দপ্তর সূত্রে জানা গেছে, শিলিগুড়ি থেকে একটি বায়ুসেনার হেলিকপ্টার মহড়ার জন্য ফারাক্কায় আসে। হেলিকপ্টার থেকে প্রায় ৭০-৮০ জন সেনা জওয়ান অস্ত্রসহ গঙ্গার মধ্যে থাকা স্পিডবোর্ডে নেমে পড়েন। তারপর তাঁরা গঙ্গায় টহল দিতে শুরু করেন। যদিও সেনা আধিকারিকরা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, স্থানীয়দের ধারণা, বন্যার মোকাবিলা করার জন্যই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বন্যা পরিস্থিতির আশঙ্কা
দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি এবং ভাগীরথী গঙ্গার জলস্তর বৃদ্ধির কারণে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। সামশেরগঞ্জ ও সুতিসহ কয়েকটি গ্রামে ভাঙনও দেখা দিয়েছে। আবহাওয়া দফতর আরও বন্যার পূর্বাভাস দিয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকে গবাদি পশু রেখে প্লাবিত এলাকা ছেড়ে যেতে চাইছেন না। এই পরিস্থিতিতে প্রাণহানির আশঙ্কা থেকেই সেনাবাহিনীর এই মহড়া, এমনটাই মনে করছেন স্থানীয়রা।