বিক্রি হচ্ছে লর্ডসের ঘাস, প্রতি টুকরোর দাম ৮ হাজার টাকা, কিনবেন নাকি?

ক্রিকেটের তীর্থস্থান হিসেবে পরিচিত ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ঘাস এখন সাধারণ মানুষও কিনতে পারবেন। মাঠের ভবিষ্যৎ উন্নয়নে তহবিল সংগ্রহের জন্য এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) এই অভিনব উদ্যোগ নিয়েছে। ১.২ মিটার বাই ০.৬ মিটার আকৃতির এক টুকরা ঘাস ৫০ পাউন্ড (৮ হাজার টাকা) মূল্যে বিক্রি করা হচ্ছে। আগ্রহী ক্রেতারা আগামী মাসেই এই ঘাসের টুকরা হাতে পেয়ে যাবেন।

লর্ডস, ১৮১৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্রিকেট ইতিহাসের অসংখ্য ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এখানে রয়েছে পৃথিবীর অন্যতম পুরোনো ক্রীড়া জাদুঘর এবং ক্রিকেটের সবচেয়ে বড় গ্রন্থাগার। লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো প্রতিটি ক্রিকেটারের কাছেই সম্মানের। বর্তমানে মাঠটিতে দ্য হানড্রেড টুর্নামেন্ট চলছে, কিন্তু এরপরই আউটফিল্ডের ঘাস নতুন করে লাগানো হবে।

এমসিসি প্রাথমিকভাবে তাদের ২৫ হাজার সদস্যকে এই ঘাস কেনার সুযোগ দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, “এমসিসি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহ এবং মাঠের ভবিষ্যৎ উন্নয়নে সহায়তা করতে আমরা সব সদস্যকে লর্ডসের ঘাসের একটি টুকরার মালিক হওয়ার সুযোগ দিচ্ছি—সেই মঞ্চের একটি অংশ, যেখানে অসংখ্য জাদুকরী মুহূর্তের জন্ম হয়েছে।” তবে শুধু সদস্যরাই নন, সাধারণ ক্রিকেটপ্রেমীরাও এই ঘাস কিনতে পারবেন।

বিক্রি থেকে প্রাপ্ত মোট অর্থের ১০ শতাংশ এমসিসি ফাউন্ডেশনে দান করা হবে, এবং বাকি অর্থ মাঠে ক্রিকেট অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ড তাদের এক্স (টুইটার) পেজ থেকেও ঘাস কেনার জন্য আগ্রহীদের আমন্ত্রণ জানিয়েছে। সেখানে বলা হয়েছে, “ঐতিহাসিক লর্ডস মাঠের আউটফিল্ড নতুন করে বসানোর প্রস্তুতির সময়ে ভক্তদের সুযোগ দেওয়া হচ্ছে পবিত্র মূল ঘাসের একটি টুকরা নিজেদের ঘরে নিয়ে যাওয়ার। সংখ্যায় সীমিত, সংগ্রহ করা যাবে লর্ডস থেকে ২৯ বা ৩০ সেপ্টেম্বর, ২০২৫।”

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে মাঠের আউটফিল্ড খোঁড়া হবে, তবে মূল ২০টি পিচ অক্ষত রাখা হবে। উপরিতলের ১৫ মিলিমিটার ঘাস কেটে ফেলে নতুন করে বীজ বপন করা হবে। মূলত, সাম্প্রতিক সময়ে ফিল্ডারদের ডাইভ দেওয়ার সময় ঘাস উঠে যাওয়ার ঘটনা বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও ২০০২ সালে লর্ডসের আউটফিল্ড পুনর্নির্মাণ করা হয়েছিল এবং তখনো ঘাস নিলামে তোলা হয়েছিল। সেবার প্রতি টুকরা ১০ পাউন্ডে বিক্রি করে মোট ৩৫ হাজার পাউন্ড সংগৃহীত হয়েছিল।