“সিবিআই সদর দফতরে এসে শুধু সময়ই নষ্ট করলাম”- আরজি কর কাণ্ডে বিস্ফোরক নির্যাতিতার পরিবার

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার এক বছর পেরিয়ে গেলেও, তার পরিবার এখনো ন্যায় বিচার পায়নি। বিচারপ্রক্রিয়ার ধীর গতিতে ক্ষুব্ধ হয়ে অবশেষে নির্যাতিতার বাবা-মা সুবিচারের আশায় দিল্লির পথে রওনা দিয়েছেন। সোমবার তাঁরা সিবিআই অধিকর্তা প্রবীণ সূদ এবং সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। একইসঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাতের চেষ্টা করছেন তাঁরা।

সিবিআই এই মামলায় শিয়ালদহ আদালতে ইতিমধ্যে পাঁচ দফায় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। সর্বশেষ রিপোর্টটি ১৬ জুলাই জমা দেওয়া হয়েছিল। তবে নির্যাতিতার বাবার অভিযোগ, কলকাতা পুলিশের কাছ থেকে মামলাটি হাতে নেওয়ার পরও সিবিআই তদন্তে কোনো গঠনমূলক অগ্রগতি আনতে পারেনি এবং পূর্ববর্তী তদন্তের পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই করছে না।

প্রতিবাদে সরব হয়ে তিনি বলেন, “আজ সিবিআই সদর দফতরে এসে শুধু সময়ই নষ্ট করলাম। কলকাতা পুলিশ ও সিবিআই, দুই সংস্থার উপর থেকেই আমাদের আস্থা উঠে গেছে। কেন তারা এমন করছে, জানি না। হয়তো রাজনৈতিক চাপ, নয়তো কোনো অজানা কারণে তদন্ত দুর্বল করা হচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, “সেদিন শ্মশানে তিনটি মৃতদেহ ছিল, অথচ আমাদের মেয়ের মৃতদেহটিই সবার আগে দাহ করা হলো। এত তাড়া কেন ছিল? সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা চলেছিল। এখন সিবিআই চায় আমরা প্রমাণ দিই! এটাই কি আমাদের কাজ?”

পরিবারের দাবি, এই ঘটনায় আরও অনেকে জড়িত ছিল, যাদের রক্ষা করার চেষ্টা হচ্ছে। এখন তারা শুধুমাত্র বিচার ব্যবস্থার ওপরই ভরসা রাখছেন। এর আগে সুপ্রিম কোর্টও এই মামলার তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিল, কিন্তু সেই প্রশ্নগুলির উত্তর এখনো মেলেনি বলে পরিবারের অভিযোগ। “তদন্ত চলছে” – এই কথাটি তাদের কাছে যথেষ্ট নয়।

আগামী ৯ আগস্ট, তাঁদের মেয়ের মৃত্যুবার্ষিকীতে পরিবার ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছে। তৃণমূল কংগ্রেস ছাড়া রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে এই প্রতিবাদ কর্মসূচিতে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান-উতোরও বাড়ছে।