দেগঙ্গায় চাঞ্চল্য! একই পরিবারের নাম ভারত ও বাংলাদেশের ভোটার তালিকায়…,কাদা ছোঁড়াছুঁড়ি TMC-BJPর

দেগঙ্গার কার্তিকপুরে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গেছে, সেখানকার বেশ কয়েকটি পরিবারের সদস্যদের নাম ভারত ও বাংলাদেশ—দুই দেশেরই ভোটার তালিকায় রয়েছে। এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে কাদা ছোঁড়াছুঁড়ি।
দুই দেশের ভোটার তালিকায় নাম
দেগঙ্গার কার্তিকপুরের বাসিন্দা পরিমল দাস ও তাঁর স্ত্রী মঞ্জু দাসের নাম এখানকার ভোটার তালিকায় আছে। কিন্তু তারা বাংলাদেশের চট্টগ্রামের রাউজা গ্রামেরও বাসিন্দা এবং সেখানেও ভোটার হিসেবে নথিভুক্ত। একই অবস্থা দীপক দাস ও তাঁর স্ত্রী মৌরি দাসের। তাঁরাও দেগঙ্গার কার্তিকপুরের বাসিন্দা হয়েও বাংলাদেশের ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে। এই পরিবারগুলো দুই দেশেই যাতায়াত করে এবং বসবাস করে।
অভিযোগ-পাল্টা অভিযোগ
দীপক দাসের দাদা কাজল দাস বলেছেন যে দীপক দাস এদেশের ভোটার এবং মাঝে মাঝে বাংলাদেশে যাতায়াত করেন। তিনি শিলিগুড়ি বা জলপাইগুড়িতে থাকেন বলে দাবি করেছেন। তবে এলাকার মানুষের অভিযোগ, তাঁরা কখনও এখানে স্থায়ীভাবে বসবাস করেননি, অথচ ভোটার তালিকায় তাঁদের নাম আছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি অভিযোগ করেছে যে ভোটের ফায়দা তোলার জন্য তৃণমূল কংগ্রেস অবৈধভাবে বাংলাদেশিদের নাম এদেশের ভোটার তালিকায় তুলেছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, “সীমান্তবর্তী এলাকায় বিএসএফের নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটছে, তা বিজেপির ষড়যন্ত্র। আমরা নির্বাচন কমিশনে অবৈধ ভোটার তালিকা নিয়ে বারবার সরব হয়েছি। বিজেপিই ইচ্ছাকৃতভাবে অবৈধ নাম ঢুকিয়ে ভোটের ফায়দা তোলার চেষ্টা করছে।”