ক্রিকেট থেকে কি বিদায় নিচ্ছেন কোহলি-রোহিত? তরুণদের দাপটে অনিশ্চিত ভবিষ্যৎ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা। এবার ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং তার কিছু পরে বিরাট কোহলির অবসরের ঘোষণায় ভারতীয় ক্রিকেটে নতুন করে প্রশ্ন উঠেছে। ভারতীয় ক্রিকেটে কি এবার সম্পূর্ণভাবে প্রাক্তন হয়ে যাচ্ছেন এই দুই মহাতারকা?

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই দুজনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছিল। এরপরও তারা রঞ্জি ট্রফিতে খেলেছিলেন এবং ইংল্যান্ড সফরের প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদের এই অবসরের সিদ্ধান্ত নানা জল্পনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এই অবসর ইচ্ছাকৃত নয়, বরং এর পেছনে বোর্ডের কোনো বার্তা ছিল।

এদিকে, ইংল্যান্ড সফরে তরুণ ক্রিকেটাররা দুর্দান্ত পারফর্ম করেছেন। শুভমন গিল অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে কিছুটা সাবলীল না হলেও ব্যাটিংয়ে ৭৫০-এর বেশি রান করে সিরিজ সেরা পারফরম্যান্স দিয়েছেন। ওপেনিংয়ে লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়ালও দারুণ খেলেছেন। এতে কোহলি ও রোহিতের শূন্যস্থান পূরণ করতে সক্ষম হয়েছে ভারত।

২০২৭ সালের পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখে অনেকেরই প্রশ্ন, এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে কি আর দলে সুযোগ দেওয়া হবে? নাকি তরুণদের আরও বেশি সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হবে? ইংল্যান্ড সফরে ভারতের ব্যাটিং ব্যর্থ হলে হয়তো কোহলি-রোহিতের দলে ফেরার সম্ভাবনা তৈরি হতো, কিন্তু তরুণদের দুর্দান্ত পারফরম্যান্স সেই সম্ভাবনাকে প্রায় শেষ করে দিয়েছে।