‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে অভিষেকের নতুন নির্দেশ, ময়দানে নামছে তৃণমূল

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিকে আরও গতি দিতে নতুন নির্দেশ জারি করেছেন। সোমবার এক ভার্চুয়াল বৈঠকে তিনি সাংসদ, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েত প্রধান-সহ প্রায় ১০ হাজার নেতা-কর্মীকে নিয়ে এই কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান যে, এই কর্মসূচির অধীনে আয়োজিত ক্যাম্পগুলোতে বিধায়কদের নিয়মিত পরিদর্শন করতে হবে। কোথায় কবে ক্যাম্প হবে, তার বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে এবং সাংসদ-বিধায়করা সেই তালিকা অনুযায়ী যাবেন। এর মাধ্যমে তিনি তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে মানুষের আরও কাছে নিয়ে যেতে চাইছেন।
বৈঠকে অভিষেক কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে বলেন, “কেন্দ্রের দিল্লির সরকার মানুষকে ভাতে মারতে চায়, গায়ের জোরে টাকা আটকে রেখেছে।” তিনি জানান যে, রাজ্য সরকার কেন্দ্রের সহায়তা ছাড়াই এই কর্মসূচিতে ৮ হাজার কোটি টাকা খরচ করছে এবং প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রকল্পে কেন্দ্রের কোনো টাকা নেই।
দলীয় কর্মীদের প্রতি অভিষেকের কড়া নির্দেশ, “মানুষের বুথে কী কাজ হবে, তা মানুষই ঠিক করবে। এটা প্রচার করুন।” তিনি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের মতামত শোনার এবং তা লিপিবদ্ধ করার নির্দেশ দেন। তিনি বলেন, “সব সমাধান করতে পারবেন না। লিখে রাখুন। শুনুন মানুষ কী বলছে।” আগামী ৬০ দিন ধরে চলা এই কর্মসূচিকে সফল করতে তিনি সকল নেতা-কর্মীকে কোমর বেঁধে ময়দানে নামার আহ্বান জানিয়েছেন।