ভারত-মার্কিন সম্পর্ক নতুন সংকটে, ট্রাম্পের হুমকির কড়া জবাব দিল নয়াদিল্লি

ভারতের ওপর শুল্ক বাড়ানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। রুশ তেল আমদানি নিয়ে ট্রাম্পের লাগাতার আক্রমণের বিরুদ্ধে বিদেশ মন্ত্রক একটি জোরালো বিবৃতি জারি করে বলেছে যে ভারতকে ক্রমাগত আক্রমণ করা সম্পূর্ণ অযৌক্তিক।

সোমবার নিজের সমাজমাধ্যমে ট্রাম্প অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ইউরোপে বিক্রি করে মুনাফা লুটছে। এই মন্তব্যের প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক ৬টি পয়েন্টের মাধ্যমে এর জবাব দেয়।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপে তেলের সরাসরি রফতানি বন্ধ থাকায় ভারত ইউরোপে তেল পাঠাতে আমদানি বাড়িয়েছিল। এই আমদানির মূল লক্ষ্য ছিল দেশের জনগণকে সস্তায় জ্বালানি সরবরাহ করা।

বিবৃতিতে আরও বলা হয়, যে সকল দেশ ভারতকে রুশ তেল আমদানির জন্য সমালোচনা করছে, তাদের অনেকেই নিজেরা রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চালিয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে যে, ২০২৪ সালে ইউরোপ রাশিয়ার সঙ্গে ৬ হাজার ৭০০ কোটি ইউরোর ব্যবসা করেছে, যা ভারতের তুলনায় অনেক বেশি।

এছাড়াও, ইউরোপ-রাশিয়া বাণিজ্য কেবল জ্বালানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে সার, রাসায়নিক, লোহা-সহ নানা পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম এবং সার আমদানি করে। যুদ্ধ চলাকালীনও এই আমদানি বন্ধ হয়নি।

এই পরিস্থিতিতে ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা নিজেদের জাতীয় ও অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতেই পদক্ষেপ নেবে। ট্রাম্পের এই ধরনের মন্তব্য ভারত-মার্কিন সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।