লালকেল্লায় প্রবেশের চেষ্টার সময় আটক, বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার ৫

দিল্লির ঐতিহাসিক লালকেল্লার ভেতরে জোর করে ঢোকার চেষ্টার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সোমবার এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের কাছ থেকে ভুয়ো নথিও উদ্ধার করা হয়েছে।
দিল্লি পুলিশের উত্তর জেলার ডেপুটি কমিশনার রাজা বানথিয়া জানান, “ধৃতদের জেরা করে জানা গিয়েছে, তারা তিন-চার মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল। তারা দিল্লিতে কাজের খোঁজে এসেছিল।” তিনি বলেন, সোমবার তারা লালকেল্লার ভেতর ঢোকার চেষ্টা করছিল, যদিও ১৫ জুলাই থেকে লালকেল্লা বন্ধ রয়েছে। যখন পুলিশ তাদের বাধা দেয়, তখন তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, এতেই পুলিশ কর্মীদের সন্দেহ হয় এবং তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারের পর তাদের কাছ থেকে একাধিক বাংলাদেশি নথিও পাওয়া যায়। সম্প্রতি দিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই ধরনের গ্রেফতারির ঘটনাও শতকের গণ্ডি ছাড়িয়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রে, গ্রেফতারের পর অভিযুক্তদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনাটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।