বাংলাভাষা নিয়ে রাজনীতি, বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

দিল্লি পুলিশের একটি চিঠিতে ‘বাংলাদেশি ভাষা’ শব্দবন্ধ ব্যবহারের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। এর মাঝেই মঙ্গলবার হুগলির কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুষ্ঠানে বাংলাভাষা নিয়ে বিজেপিকে নিশানা করে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাম না করে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ভাষা নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন কামারপুকুর-জয়রামবাটি ডেভেলপমেন্ট বোর্ড গঠনেরও ঘোষণা করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেউ আমাদের ভাষা অসম্মান করার চেষ্টা করবেন না। একবার যা ব্রেনে নিয়েছি, ওটা ড্রেনে যাবে না।” তিনি রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের কথা টেনে বলেন, “আমাদের ধর্ম সম্পর্কে জ্ঞানলাভের জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই। সবাই মিলে একসঙ্গে থাকার বাণী আমরা রামকৃষ্ণদেবের কাছ থেকে শিখেছিলাম।” মুখ্যমন্ত্রী ‘জল’, ‘পানি’, ‘ওয়াটার’ এবং ‘মা’, ‘মাদার’, ‘আম্মা’ উদাহরণের মাধ্যমে বোঝান যে, ভাষা ও ধর্মের মূল বার্তা একই থাকে।

স্বামী বিবেকানন্দের বাংলাভাষায় কথা বলার বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করে বলেন, “আর বলে দিচ্ছে, বাংলা বলে কোনো ভাষাই নেই। বাংলা ছাড়া ভারত হয়? নাকি বিশ্ব হয়?” তিনি বলেন, এখন ধর্মকে রক্ষা করার পালা, মানবিকতাকে রক্ষা করার পালা।

এদিন মুখ্যমন্ত্রী কামারপুকুর জয়রামবাটি ডেভেলপমেন্ট বোর্ড গঠনের ঘোষণা করেন এবং বোর্ডকে ১০ কোটি টাকা দেওয়ার কথা বলেন। বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজকে। এর আগে কামারপুকুর যাওয়ার পথে মুখ্যমন্ত্রী গোঘাটের একটি ত্রাণশিবিরে যান এবং নিজের হাতে দুর্গতদের খাবার পরিবেশন করেন।