দেশের স্বার্থে BLO হতে হবে প্রাথমিক শিক্ষকদের, জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট

দেশের প্রয়োজনে প্রাথমিক শিক্ষকদের বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে কাজ করতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সোমবার এই মর্মে একটি রায় দিয়েছেন। শিক্ষকদের একাংশ বিএলও-র দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আদালতে মামলা করেছিলেন, কিন্তু আদালত তাদের আবেদন খারিজ করে দিয়েছে।

মামলাকারীদের দাবি ছিল, শিক্ষকতার পাশাপাশি নানা অতিরিক্ত কাজের কারণে তাদের পক্ষে বিএলও-র কাজ করা সম্ভব নয়। বিশেষত, ছুটির দিনগুলিতেও এই কাজ করতে হয় এবং এর জন্য নির্দিষ্ট সময়ের কোনো সীমা নেই। তাদের আইনজীবী সুবীর স্যানাল আদালতে জানান, ‘বিএলও হিসেবে শিক্ষকদের ভোটারদের বাড়ি বাড়ি যেতে হয় এবং প্রচার চালাতে হয়। দৈনন্দিন স্কুল কাজের বাইরে এই অতিরিক্ত দায়িত্ব পালন করা কঠিন।’

তবে নির্বাচন কমিশনের আইনজীবী সৌম্য মজুমদার পাল্টা যুক্তি দেন যে, ‘সবার ক্ষেত্রে এমনটা হবে না। যে সব স্কুলে একজন মাত্র শিক্ষক আছেন, তাদের এই দায়িত্ব দেওয়া হচ্ছে না। স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই শিক্ষক-শিক্ষিকাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়।’

বিচারপতি অমৃতা সিনহা উভয় পক্ষের যুক্তি শোনার পর বলেন, ‘দেশের স্বার্থে প্রাথমিক শিক্ষকদের এই কাজ করতেই হবে।’ তিনি আরও বলেন, ‘বিএলও-দের কী কাজ করতে হবে এবং কতক্ষণ কাজ করতে হবে, তা এখনও নির্দিষ্ট করা হয়নি। তাহলে শিক্ষকরা কেন ধরে নিচ্ছেন, তাদের পূর্ণ সময় কাজ করানো হবে?’ বিচারপতি মন্তব্য করেন যে, ভোটের কাজ করা যেকোনো সরকারি কর্মচারীর চাকরির শর্তের মধ্যেই পড়ে। তাই বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনো বাধা নেই।

বিচারপতি আরও স্পষ্ট করে জানিয়েছেন যে, স্কুলের কাজ শেষ করার পর অতিরিক্ত সময়ে এই ভোটের কাজ করতে হবে। আদালত এই বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করবে না।