৫৭ বছরের প্রৌঢ়াকে ধর্ষণ ২৪ বছরের যুবকের, অভিযুতকে গ্রেফতার করল পুলিশ

রাজ্যজুড়ে নারী নির্যাতনের ঘটনা নিয়ে যখন চাপানউতোর চলছে, ঠিক তখনই বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় একটি ভয়ঙ্কর ঘটনা সামনে এল। ৫৭ বছর বয়সী এক প্রৌঢ়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় ওই প্রৌঢ়াকে প্রথমে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে ছাগল চরাতে মাঠে গিয়েছিলেন ওই প্রৌঢ়া। সেই সময়েই প্রতিবেশী এক যুবক তাকে মাঠের এক নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর মহিলা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে ছাতনা থানায় প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। সোমবার রাতেই ছাতনা থানার পুলিশ গ্রাম থেকে অভিযুক্ত ২৪ বছর বয়সী যুবককে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধের কথা স্বীকার করেছে। মঙ্গলবার তাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। গুরুতর অসুস্থ প্রৌঢ়ার শারীরিক অবস্থা স্থিতিশীল কিনা, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।