প্রবীণদের টিকিটে ছাড় ফিরিয়ে আনতে প্রস্তাব রেলের, শিগ্রই মিলতে পারে সুখবর

করোনা মহামারীর কারণে বাতিল হওয়া প্রবীণ নাগরিকদের জন্য রেল টিকিটের ছাড় ফিরিয়ে আনার সুপারিশ করেছে রেলের স্ট্যান্ডিং কমিটি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কমিটির পক্ষ থেকে এই প্রস্তাব তাঁর কাছে পেশ করা হয়েছে। তবে রেল এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

রেল সূত্রের খবর, প্রবীণ নাগরিকদের জন্য সব ধরনের ছাড় তুলে নেওয়ার পর থেকে পাঁচ বছর কেটে গেছে। এর মাঝে বারবার গুঞ্জন উঠেছে যে রেল এই সুবিধা ফিরিয়ে আনছে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। এবার রেলের স্ট্যান্ডিং কমিটি সুপারিশ করেছে যে, সম্পূর্ণ ট্রেনে না হলেও অন্তত স্লিপার এবং এসি থ্রি-টিয়ারে প্রবীণরা যাতে ছাড়ের সুবিধা পান।

তবে রেল এই সুবিধা ফিরিয়ে আনতে আগ্রহী কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। রেলমন্ত্রী জানান, ২০২৩-২৪ অর্থবছরে ভারতীয় রেল টিকিটের দামে ৬০ হাজার ৪৬৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। প্রতি দূরপাল্লার টিকিটে যাত্রীরা গড়ে ৪৫ শতাংশ ভর্তুকি পান। অর্থাৎ, ১০০ টাকার টিকিট যাত্রীরা ৫৫ টাকায় কেনেন।

রেল জানিয়েছে, ২০২০ সাল থেকে অনেক ছাড় তুলে নেওয়া হলেও বিশেষ ক্ষমতাসম্পন্ন, অসুস্থ এবং শিক্ষার্থীদের জন্য যথাক্রমে চার, এগারো এবং আট ধরনের ছাড় এখনও চালু আছে। রেলমন্ত্রী অবশ্য আশ্বাস দিয়েছেন যে, স্ট্যান্ডিং কমিটির সুপারিশ বিবেচনা করে দেখা হবে, কিন্তু প্রবীণদের জন্য ছাড় ফিরিয়ে আনার বিষয়ে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি।