”শুভশ্রীর প্রোডাকশনে ফ্রিতে কেন কাজ করতে যাব!” নায়িকার পাশে বসে স্পষ্ট জবাব দেবের

টলিউডের অন্যতম সফল জুটি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০১৫ সালের পর তাঁদের একসঙ্গে দেখা যায়নি। এবার তাঁদের নতুন ছবি ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চে আবার একসঙ্গে দেখা গেল। এই ইভেন্টে তাঁদের পুরনো ম্যাজিক আবার ফিরে এসেছে বলে মনে করছেন অনুরাগীরা।
‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁদের দুজনকে একটি মজার প্রশ্ন করেন। তিনি জানতে চান, কবে দেব এবং শুভশ্রী একে অপরের প্রোডাকশন হাউসের ছবিতে অভিনয় করবেন?
দেব এই প্রশ্নের উত্তরে শুভশ্রীর দিকে ইঙ্গিত করে বলেন, “আমি তো করেই দিয়েছি, এবার ওর পালা।” দেবের কথার জবাবে শুভশ্রী বলেন, “দেব এখন মেগাস্টার। দেবকে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই।” শুভশ্রীর এই মন্তব্যের পর দর্শকদের মধ্যে থেকে একজন মজা করে বলেন, “দেবদা বিনা পয়সায় করে দেবে!”
ভক্তের এই কথার জবাবে দেব সঙ্গে সঙ্গে বলেন, “শুভশ্রীর প্রোডাকশনে ফ্রিতে কেন কাজ করতে যাব! বিনামূল্যে একেবারেই নয়। আমি ঠিক বুঝে নেব।” এরপর তিনি শুভশ্রীর দিকে তাকিয়ে বলেন, “শুধু ছবিটা নিয়ে ভাবো!”
এই কথোপকথনে ‘পরাণ যায় জ্বলিয়া রে’-এর মতো তাঁদের পুরনো ছবির স্মৃতি ভক্তদের মনে তাজা হয়ে ওঠে। ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে এই জুটির প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে টলিউডে নতুন এক গল্পের সূচনা হলো, যার ইঙ্গিত পাওয়া গেল এই অনুষ্ঠানে। দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রীর এই প্রত্যাবর্তন তাঁদের ভক্তদের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি করেছে।