‘বাংলা কোনো ভাষা নয়, বাঙালি জাতি’, অমিত মালব্যের বিতর্কিত মন্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি

দিল্লি পুলিশের ‘বাংলাদেশি ভাষা’ বিতর্ক নিয়ে এবার সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লেন বিজেপি নেতা অমিত মালব্য। নিজের ‘এক্স’ হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর একটি পোস্ট রি-পোস্ট করে অমিত মালব্য বিতর্কিত মন্তব্য করে বলেছেন, “বাংলা বলে কোনো ভাষা নেই। বাঙালি একটি জাতির নাম, কোনো ভাষা নয়।” এই মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অমিত মালব্য তাঁর পোস্টে দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বলেন, “দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা বলে একদম ঠিক কাজ করেছে। আর এই শব্দ ব্যবহারের একমাত্র কারণ, ওই অনুপ্রবেশকারীদের ভিন্ন বাচনশৈলী, যা সাধারণভাবে ভারতে ব্যবহার হয় না।” এর পরেই তিনি বাংলা ভাষাকে ভাষার তালিকা থেকে বাদ দিয়ে দেন। তাঁর কথায়, “বাংলা বলে কোনো ভাষা নেই। বাঙালি একটি জাতির নাম, কোনো ভাষা নয়। তাই দিল্লি পুলিশ যখন বাংলাদেশি ভাষার কথা উল্লেখ করছে, এটা তখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য। এর সঙ্গে পশ্চিমবঙ্গে ভাষাভাষী মানুষদের কোনো যোগ নেই।” এরপরেই তিনি মুখ্যমন্ত্রীর দিকেও আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে।

উল্লেখ্য, এর আগে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মুখেও একই সুর শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন, “দিল্লি পুলিশ একদম ঠিক শব্দের প্রয়োগ করেছে। বাংলাদেশের একটা বই এনে পড়ুন আর একটা পশ্চিমবঙ্গের বই পড়ুন। কোনটা সুবোধ সরকার লিখেছেন আর কোনটা শফিকুল ইসলাম লিখেছেন, সেটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলায় কথা বললেই সে ভারতীয় হয়ে যাবে এমনটা নয়।”

অন্যদিকে, বাঙালি অস্মিতার কথা তুলে ধরা তৃণমূল কংগ্রেস কিন্তু এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এই ঘটনাকে কেন্দ্রীয় সরকারের ‘বাংলা ভাষা শেষ করার চক্রান্ত’ বলে দাবি করেছেন। তিনি বলেন, “কারা কোন মূর্খরা বলছেন, বাংলা ভাষা বাংলাদেশি? আমরা তাদের চিহ্নিত করে মানুষের কাছে তুলে ধরতে চাই। বোঝাতে চাই ওরা বাংলা বিদ্বেষী।” অমিত মালব্যর এই মন্তব্যের জেরে আসন্ন নির্বাচনে বাঙালি আবেগ ফের বড় ইস্যু হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।