মদ খেয়ে গাড়ি নিয়ে প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিলেন যুবক, ভয়ে ছোটাছুটি যাত্রীদের! দেখুন ভিডিও

মদ্যপ অবস্থায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এক যুবক গাড়ি নিয়ে সোজা রেলের প্ল্যাটফর্মে ঢুকে পড়ায় উত্তরপ্রদেশের মেরঠ ক্যানটনমেন্ট স্টেশনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। শুক্রবার রাতের এই ঘটনায় যাত্রীরা ভয়ে ছোটাছুটি শুরু করে দেন। এই ঘটনার একটি ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চার চাকার গাড়ি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, পাশ দিয়ে একটি ট্রেন তীব্র গতিতে ছুটে যাচ্ছে। গাড়ির চালককে অন্য একজন ব্যক্তি কিছু বলছেন, যদিও কথাগুলি স্পষ্ট নয়। তবে ওই ব্যক্তির সঙ্গে কথা বলার পরেই চালক গাড়ি ঘুরিয়ে প্ল্যাটফর্মের ধার ঘেঁষে চালিয়ে বেরিয়ে যান।

পরে জানা যায়, গাড়ির চালকের নাম সন্দীপ। তিনি রেলওয়ে পুলিশ (জিআরপি)-কে জানিয়েছেন যে তিনি আর্মিতে কর্মরত এবং বাগপতে থাকেন। যে গাড়িটি নিয়ে তিনি প্ল্যাটফর্মে ঢুকেছিলেন, সেটির রেজিস্ট্রেশন নম্বর ঝাড়খণ্ডের।

মোরাদাবাদের জিআরপি এসপি তাঁর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে এই ঘটনা সম্পর্কে লেখেন, “মেরঠের জিআরপি এবং আরপিএফ ওই যুবককে ধরেছে। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইন মেনে যা ব্যবস্থা নেওয়ার, তা নেওয়া হবে।”

এই ঘটনা রেলওয়ে প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। একজন মদ্যপ ব্যক্তি কীভাবে গাড়ি নিয়ে এত সহজে প্ল্যাটফর্মে ঢুকে পড়লেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।