বিমানবন্দরে উর্বশী রাউতেলার ৭০ লক্ষ টাকার ব্যাগ চুরি, আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা, যিনি সম্প্রতি তাঁর মূল্যবান ‘লাবুবু পুতুল কালেকশন’ নিয়ে খবরে এসেছিলেন, এবার খবরের শিরোনামে এলেন তাঁর লাগেজ চুরির ঘটনায়। সম্প্রতি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে খোয়া গেল অভিনেত্রীর অত্যন্ত দামি একটি স্যুটকেস। উর্বশীর দাবি অনুযায়ী, ওই ব্যাগে ৭০ লক্ষ টাকার গয়না ও অন্যান্য বিলাসবহুল সামগ্রী ছিল।

একটি টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য মুম্বাই থেকে লন্ডনে গিয়েছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান। তবে বিমানবন্দরে পৌঁছে তিনি দেখেন তাঁর ক্রিশ্চিয়ান ডিওরের দামি ব্রাউন লাগেজটি ব্যাগেজ বেল্ট এলাকা থেকে গায়েব হয়ে গেছে।

ঘটনার পর উর্বশী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি লেখেন, “একজন গ্লোবাল আর্টিস্ট ও প্ল্যাটিনাম এমিরেটস সদস্য হিসেবে, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার ক্রিশ্চিয়ান ডিওরের ব্রাউন ব্যাগেজ গ্যাটউইক বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট থেকে চুরি হয়ে গিয়েছে।” তিনি আরও দাবি করেন যে, এমিরেটস ও গ্যাটউইক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহায়তা পাওয়া যায়নি।

এই চুরির ঘটনার ঠিক আগে উর্বশীর পরিবার আরেকটি চুরির অভিযোগ এনেছিল। অভিনেত্রীর মা সম্প্রতি জানিয়েছেন যে, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত উর্বশীর প্রাক্তন ম্যানেজার বেদিকা প্রকাশ শেট্টি তাদের বিশ্বাস ভঙ্গ করেছেন। বেদিকার বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণা ও চুরির অভিযোগ তোলা হয়েছিল। অভিনেত্রীর পরিবার থেকে দাবি করা হয়েছিল, এর ফলে তাঁরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

উর্বশী রাউতেলার এই লাগেজ চুরির ঘটনা একদিকে যেমন অভিনেত্রীর ব্যক্তিগত ক্ষতি, তেমনি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরেও গভীর প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে যখন এটি একটি বিখ্যাত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা থেকে ঘটেছে, তখন যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন দেখার বিষয়, বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং অভিনেত্রীর খোয়া যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধার হয় কিনা।