ধারেকাছেও নেই ট্রাম্প, ফের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার শিরোপা লাভ নরেন্দ্র মোদীর

বিশ্বজুড়ে জননেতাদের জনপ্রিয়তার নিরিখে ফের একবার শীর্ষস্থান দখল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্লোবাল বিজনেস ইন্টেলিজেন্স ফার্ম মর্নিং কনসাল্ট-এর সর্বশেষ সার্ভে রিপোর্ট অনুযায়ী, ৭৫ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং নিয়ে মোদী বিশ্বসেরা নেতার তকমা ধরে রেখেছেন। ৪ থেকে ১০ই জুলাইয়ের মধ্যে পরিচালিত এই সমীক্ষায় ২০টিরও বেশি দেশের রাষ্ট্রনেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল।

প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ভারতীয়দের ভালোবাসা এবং বিশ্বের দরবারে তাঁর প্রতি অগাধ শ্রদ্ধা এই বিপুল জনপ্রিয়তার মূল কারণ। বিজেপি নেতা অমিত মালব্য একটি X (পূর্বতন ট্যুইটার) পোস্টে এই রিপোর্টটি তুলে ধরেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন, “এক বিলিয়নেরও বেশি ভারতীয়দের ভালোবাসার পাত্র এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধার আসনে আসীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকারে শীর্ষস্থান অধিকার করেছেন – বিশ্বজুড়ে সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত এবং সবচেয়ে বিশ্বস্ত নেতা। শক্তিশালী নেতৃত্ব। বিশ্বব্যাপী সম্মান। ভারত সুরক্ষিত হাতে আছে।”

জনপ্রিয়তার তালিকায় কারা?

মর্নিং কনসাল্টের এই সমীক্ষা অনুযায়ী, নরেন্দ্র মোদীর পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং, যিনি ৫৯ শতাংশ সমর্থন পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই, তাঁর সমর্থন ৫৭ শতাংশ। কানাডার মার্ক কার্নি ৫৬ শতাংশ সমর্থন নিয়ে চতুর্থ স্থানে এবং অস্ট্রেলিয়ার অ্যান্থনি অ্যালবানেজ ৫৪ শতাংশ সমর্থন নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

অন্যান্য উল্লেখযোগ্য তথ্য:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন, যদিও ৫০ শতাংশ মানুষ তাঁর বিরোধিতা করেছেন।

অন্যদিকে, জনপ্রিয়তার নিরিখে সর্বনিম্ন স্থানে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেট্র ফিয়ালা। মাত্র ১৮ শতাংশ সমর্থন পেয়েছেন তাঁরা, যেখানে ৭৪ শতাংশ মানুষ তাঁদের বিরোধিতা করেছেন।

অন্যান্য নেতাদের মধ্যে ইতালির জর্জিয়া মেলোনি ৪০ শতাংশ, জার্মানির ফ্রেডরিক মর্জ ৩৪ শতাংশ, তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান ৩৩ শতাংশ, ব্রাজিলের লুলা দ্য সিলভা ৩২ শতাংশ, ব্রিটেনের কিয়ার স্টার্মার ২৬ শতাংশ এবং জাপানের শিগেরু ইশিবা ২০ শতাংশ সমর্থন পেয়েছেন।

এই সমীক্ষা আবারও প্রমাণ করলো যে, আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং ভারতের অবস্থান কতটা দৃঢ়।