বৃদ্ধ মা-বাবার দেখভালের জন্যও সরকারি কর্মীদের ৩০ দিনের ছুটি! ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটির কথা সকলেরই জানা, যা নবজাতক সন্তানের দেখভালের জন্য দেওয়া হয়। কিন্তু এবার বৃদ্ধ মা-বাবার অসুস্থতা বা তাঁদের দেখভালের জন্য সরকারি কর্মীদের ছুটির নতুন দিগন্ত উন্মোচিত হল। বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাঁদের অসুস্থ বয়স্ক মা-বাবার দেখভালের জন্য ব্যক্তিগত কারণে ৩০ দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন।

সংসদে প্রশ্ন উঠেছিল যে বয়স্ক মা-বাবার দেখভালের জন্য সরকারি কর্মীদের ছুটির কোনও নির্দিষ্ট নিয়ম আছে কিনা। এর উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং নিশ্চিত করেন যে, সার্ভিস রুলস অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই সুবিধা ভোগ করতে পারবেন। মা-বাবার শারীরিক অসুস্থতা এবং তাঁদের দেখভাল এই ছুটির অন্তর্ভুক্ত হবে।

কেন্দ্রের তরফে লিখিত জবাবে জানানো হয়েছে, সেন্ট্রাল সিভিল সার্ভিস (লিভস) রুল ১৯৭২-এর বিধান অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাঁদের বরাদ্দ ছুটির বাইরেও বছরে ৩০ দিনের আর্নড লিভ, ২০ দিনের হাফ পে লিভ, ৮ দিনের ক্যাজুয়াল লিভ এবং ২ দিনের রেস্ট্রিক্টেড লিভ পেতে পারেন। বয়স্ক মা-বাবার দেখভাল সহ যেকোনো ব্যক্তিগত কারণে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ছুটিগুলি নিতে পারবেন।

উল্লেখ্য, সেন্ট্রাল সিভিল সার্ভিস (লিভস) রুলের অধীনে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরাই এই ছুটির সুবিধা পাবেন। তবে, রেলওয়ে এবং অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রে ছুটির নিয়মাবলী কিছুটা ভিন্ন।

এই নিয়মের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আর্নড লিভ, হাফ ডে লিভ, কমিউটেড লিভ, লিভ নট ডিউ, এক্সট্রাঅর্ডিনারি লিভ, মেটারনিটি লিভ, প্যাটারনিটি লিভ, চাইল্ড কেয়ার লিভ, স্টাডি লিভ, স্পেশাল ডিসাবিলিটি লিভ, সি-মেন সিক লিভ, হসপিটাল লিভ এবং ডিপার্টমেন্টাল লিভ পান। এই ছুটিগুলি এক বছরে দুই ভাগে কর্মীদের অ্যাকাউন্টে জমা হয়। এই নতুন ঘোষণা নিঃসন্দেহে সেই সকল সরকারি কর্মীদের জন্য স্বস্তি নিয়ে আসবে, যারা কর্মজীবনের পাশাপাশি বয়স্ক মা-বাবার সেবার দায়িত্বেও ব্রতী।