‘৪৫ বছরেও ওঁর প্রতি…’, মহানায়কের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কিছু কিছু মানুষ থাকেন যাঁরা সময়ের সাথে মলিন হন না, বরং স্মৃতির মণিকোঠায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকেন। বাংলা চলচ্চিত্রের তেমনই একজন মানুষ হলেন মহানায়ক উত্তম কুমার। তাঁর জনপ্রিয়তা বয়সের সীমা পেরিয়ে ৮ থেকে ৮০ সকলের কাছেই সমান। তাই হয়তো বিশ্বের সমস্ত তর্ক-বিতর্কের ঊর্ধ্বে তাঁর স্থান।
দেখতে দেখতে উত্তম কুমারের চলে যাওয়ার ৪৫ বছর পূর্ণ হলো। ১৯৮০ সালের ২৪শে জুলাই তিনি মাত্র ৫৩ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। মহানায়কের এই ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স (X) হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর মৃত্যুর ৪৫ বছর কেটে গেছে, কিন্তু তাঁর প্রতি আমাদের অনুরাগ বিন্দুমাত্র কমেনি।”
তিনি আরও বলেন, “আমি গর্বিত যে, সিনেমা এবং বাঙালি মননে উত্তম কুমারের অনন্য অবদানকে শ্রদ্ধা জানিয়ে ২০১২ সাল থেকে আমাদের সরকার বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীদের স্বীকৃতি জানানোর জন্য ‘মহানায়ক সম্মান’ চালু করেছে।”
মহানায়ক উত্তমকুমার-এর মৃত্যু বার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা।
আমাদের সবার মনের মণিকোঠায় আজও উত্তমকুমার বাঙালির চিরন্তন ম্যাটিনি আইডল। তাই তাঁর মৃত্যুর পর ৪৫ বছর কেটে গেলেও, তাঁর প্রতি অনুরাগ আমাদের কিন্তু এতটুকুও কমেনি।
আমি গর্বিত, সিনেমায় ও বাঙালি মননে…
— Mamata Banerjee (@MamataOfficial) July 24, 2025
মুখ্যমন্ত্রী আরও স্মরণ করিয়ে দেন, “রেলমন্ত্রী থাকাকালীন আমি টালিগঞ্জ মেট্রো রেলস্টেশনের নাম পাল্টে রাখি ‘মহানায়ক উত্তম কুমার’। উত্তম কুমারের নামাঙ্কিত উত্তম মঞ্চকেও নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে।” তিনি বলেন, “উত্তম কুমার বাঙালির স্বপ্নের মহানায়ক, চিরকালীন ভালোবাসা। তাঁর মৃত্যুদিনে আমি আরও একবার তাঁকে আমার প্রণাম জানাই।”
উল্লেখ্য, ১৯২৬ সালের ৩রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন মহানায়ক। তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর মধ্যে থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং গ্রন্থ প্রকাশ। এই সমস্ত আয়োজনের মধ্য দিয়ে বাঙালি আবারও তার প্রিয় মহানায়কের স্মৃতিতে মগ্ন হবে।