‘সাইয়ারা’ হিট হতেই হৃতিকের সঙ্গে তুলনা আহানের, ‘বাপ তো বাপ…’- বললেন আমিশা

গত ১৮ জুলাই মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাইয়ারা’-তে অভিনয় করে নবাগত অভিনেতা আহান পান্ডে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেছেন। আহান-এর এই সাফল্য দেখে অনেকে তাঁর সঙ্গে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত হৃতিক রোশনের প্রথম ছবি ‘কহ না পেয়ার হে’-এর তুলনা করছেন। এই বিষয়ে এবার মুখ খুললেন ‘কহ না পেয়ার হে’-এর অভিনেত্রী আমিশা প্যাটেল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এবং তার X হ্যান্ডেলে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে Ah-এর সঙ্গে হৃতিকের তুলনা প্রসঙ্গে অভিনেত্রী আমিশা প্যাটেল বলেন, “আমি এখনও সিনেমাটি দেখিনি। তবে ওদের দুজনকেই আমার শুভকামনা। আমার মতে আহান একজন প্রতিশ্রুতিশীল অভিনেতা। কিন্তু বাপ তো বাপ হে, বেটা তো বেটা হি হোগা। ডুগ্গু অনেক তারকাদের থেকে অনেক এগিয়ে রয়েছেন।”

এটি প্রথমবার নয়, এর আগেও মুম্বাইয়ে ছবি শিকারীরা দুই ছবির মধ্যে তুলনা টানলে আমিশা একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেন, “সবার আগে আমি নবাগতদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তবে আমি এখনো সিনেমাটি দেখিনি, আমার পরিচিত বা বন্ধুবান্ধব কেউ দেখেনি। তাই সিনেমাটি সম্পর্কে কিছু বলা ভুল হবে।”

তিনি আরও বলেন, “তবে এই তুলনা শুধু এখন নয়, ছবি মুক্তির আগে থেকেই দেখছি অনেকেই দুটি সিনেমার মধ্যে তুলনা টেনে আনছেন। একজন নবাগতের সিনেমার সঙ্গে একটি কাল্ট ফিল্মের তুলনা করা হচ্ছে। ২৫ বছর ধরে একটি সিনেমা মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে, তাই সেই সিনেমার সঙ্গে এই সিনেমার তুলনা চলে না।”

উল্লেখ্য, ‘সাইয়ারা’ ছবিটি মুক্তির মাত্র এক সপ্তাহে ১৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। সম্প্রতি এই ছবিটি রণবীর কাপুরের ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির লাইফটাইম কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এটি ‘রকি অর রানি কি প্রেম কাহিনী’ ছবিকেও ছাপিয়ে যাবে। আহান পান্ডের এই সাফল্য বলিউড মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।