মাঝ আকাশ থেকে নিখোঁজ রাশিয়ার বিমান, ভেতরে রয়েছে প্রায় ৫০ জন যাত্রী

রাশিয়ার সুদূর প্রাচ্যের আকাশে হঠাৎ করেই এক রহস্যময় ঘটনার জন্ম হয়েছে। প্রায় ৫০ জন আরোহী নিয়ে সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান রাডার থেকে উধাও হয়ে যাওয়ায় চরম উদ্বেগ ছড়িয়েছে। ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে উড়োজাহাজটির কোনো হদিশ পাওয়া যায়নি, আর এর ভেতরে থাকা অন্তত পাঁচজন শিশুর ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ঘোর অনিশ্চয়তা।

আকাশপথে উড্ডয়নের মাঝপথে যখন বিমানটি আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ঘটনাটি ঘটে। চীন সীমান্তবর্তী এই দুর্গম অঞ্চলে পৌঁছানোর কিছু আগে এটি অদৃশ্য হয়ে যায়। আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ তার টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, প্রাথমিক রিপোর্টে বিমানে ৪৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে পাঁচজন শিশু। তবে জরুরি মন্ত্রণালয় তাদের সংখ্যা ৪০ বলে উল্লেখ করেছে, যা যাত্রীর তালিকা যাচাইয়ের পর স্পষ্ট হবে।

বিমান নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয় জরুরি পরিষেবা এবং সমস্ত উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে। কিন্তু এই অনুসন্ধান অভিযান তীব্র প্রতিকূলতার মুখে পড়েছে। ঘন বনাঞ্চল, দুর্গম পার্বত্য পথ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরপরও তারা আশা ছাড়েননি। গভর্নর অরলভ বলেছেন, “বিমানটির সন্ধানে সমস্ত শক্তি এবং জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।” স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার এবং কোনো ধ্বংসাবশেষ বা চিহ্ন দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়তেই নিখোঁজ যাত্রীদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাদের উদ্বেগ আর আশঙ্কার প্রহর যেন কাটছে না। কর্তৃপক্ষ দ্রুত আপডেট জানানোর আশ্বাস দিলেও, এই মুহূর্তে কেবল প্রার্থনাই একমাত্র ভরসা।