Recipe: গরম দিনে পাতে পড়ুক কাঁঠাল বীজের লটে শুঁটকি, শিখেনিন বানানোর সেরা পদ্ধতি

মাংস-কালিয়ার একঘেয়েমি থেকে মুক্তি পেতে পাতে পড়তে পারে অভিনব কিছু। শুঁটকি মাছের কড়া গন্ধের কারণে অনেকে মুখ ফিরিয়ে নিলেও, সঠিক উপায়ে রান্না করলে এর স্বাদ হয়ে উঠতে পারে অতুলনীয়। আর এবার সেই শুঁটকিকে নতুন মাত্রায় নিয়ে আসবে কাঁঠালের বীজ। সপ্তাহান্তে ভাতের সঙ্গে গরম গরম উপভোগ করতে বানিয়ে ফেলুন কাঁঠালের বীজ দিয়ে লটে শুঁটকি। রইল বিস্তারিত প্রণালী।
উপকরণ:
লটে শুঁটকি: ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি: আধ কাপ
রসুন কুচি: ২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
কাঁচা লঙ্কা: ৮টি (স্বাদমতো)
তেল: প্রয়োজনমতো
নুন: স্বাদমতো
প্রণালী:
১. প্রথমে লটে শুঁটকি এবং কাঁঠালের বীজগুলো সমান মাপে কেটে নিন।
২. এবার লটে শুঁটকিগুলো নুন মেশানো গরম জলে প্রায় ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে শুঁটকির অতিরিক্ত নোনতা ভাব এবং কড়া গন্ধ অনেকটাই কমে যাবে।
৩. একটি কড়াইয়ে তেল গরম করে নিন। তেল ভালোভাবে গরম হলে নুন জলে ভিজিয়ে রাখা শুঁটকিগুলো জল ঝরিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।
৪. ওই তেলেই পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত নাড়াচাড়া করুন। এরপর কড়াই ঢেকে দিন, যাতে পেঁয়াজ-রসুন নরম হয়।
৫. কিছুক্ষণ পর ঢাকনা খুলে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকুন। প্রয়োজন হলে সামান্য জল দিন যাতে মশলা পুড়ে না যায়।
৬. মশলা কষে তেল ছেড়ে এলে আগে থেকে কেটে রাখা কাঁঠাল বীজগুলো এতে দিয়ে দিন। সামান্য নাড়াচাড়া করে আবার ঢেকে দিন।
৭. মাঝে ঢাকনা খুলে এক কাপ গরম জল দিয়ে আবারও ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন।
৮. জল শুকিয়ে গিয়ে মিশ্রণটি মাখা মাখা হয়ে এলে এবং কাঁঠাল বীজগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে নামিয়ে নিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু কাঁঠাল বীজ দিয়ে লটে শুঁটকি। এই পদটি আপনার সপ্তাহান্তের আহারকে একটি ভিন্ন মাত্রা দেবে।