স্কুলে টিফিন চলাকালীন হৃদরোগে মৃত্যু ৯ বছরের শিশুর, টিফিনবক্সের উপরে হঠাৎ ঢলে পড়ল চতুর্থ শ্রেণির ছাত্রী!

টিফিনবেলায় টিফিনবক্সের উপরে আচমকা ঢলে পড়ল চতুর্থ শ্রেণির এক ছাত্রী। কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেল তার জীবন। মঙ্গলবার সকালে রাজস্থানের সীকর জেলার দান্তা শহরের একটি স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ৯ বছরের শিশুটির আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবার, প্রতিবেশী এবং স্কুল কর্তৃপক্ষ।

মৃত শিশুটির নাম প্রাচী কুমাওয়াত। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রাচীর আগে থেকে কোনও রকম শারীরিক অসুস্থতা ছিল না। তার আকস্মিক মৃত্যুতে সবাই হতবাক।

তবে সীকরের আদর্শ বিদ্যামন্দির স্কুলের প্রিন্সিপাল নন্দকিশোর তিওয়ারি জানিয়েছেন এক ভিন্ন তথ্য। তাঁর কথায়, গত তিন-চার দিন প্রাচী স্কুলে অনুপস্থিত ছিল, কারণ তার সামান্য ঠান্ডা লেগেছিল। কিন্তু সোমবার থেকে সে আবার স্কুলে আসতে শুরু করে। প্রিন্সিপালের দাবি, সোমবার সে সুস্থই ছিল। খেলাধুলা করছিল, প্রার্থনায় যোগ দেয় এবং বেশ কয়েকটি ক্লাসও করে। মঙ্গলবার টিফিনের বিরতির সময়েই এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। লাঞ্চবক্সের উপরে হেলে পড়ে সে।

শিক্ষকরা দ্রুত ছুটে এসে শিশুটিকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে তড়িঘড়ি বড় হাসপাতালে স্থানান্তরিত করা হলেও, শেষ রক্ষা হয়নি।

চিকিৎসকরা বলছেন, প্রাচী সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েছিল। তার শরীরের লক্ষণগুলি সে দিকেই ইঙ্গিত দিচ্ছিল। হাসপাতালের এক চিকিৎসক জানান, ৯ বছরের শিশুটিকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তখন তার হৃৎস্পন্দন ছিল না। সিপিআর (CPR) দিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি। অক্সিজেন এবং অন্যান্য জরুরি ওষুধ প্রয়োগ করেও কোনও লাভ হয়নি। অকালে ঝরে যাওয়া এই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের মধ্যে ক্রমবর্ধমান হৃদরোগের প্রবণতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।