অবশেষে ভারতের বাজারে টেসলার গাড়ি, বিলাসবহুল শোরুম উদ্বোধন করল মাস্কের সংস্থা!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে পা রাখল বিশ্বের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা। সোমবার মুম্বইয়ে ৪ হাজার বর্গফুটের এক বিলাসবহুল শোরুমের উদ্বোধন করল ইলন মাস্কের এই বিশ্বখ্যাত সংস্থাটি। এটিই ভারতে টেসলার প্রথম শোরুম। মঙ্গলবার এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, এবং তিনি ভারতে টেসলাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
মঙ্গলবার সকালে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের ‘টেসলা এক্সপেরিয়েন্স সেন্টার’-এর উদ্বোধন করেন দেবেন্দ্র ফড়ণবীস। বিলাসবহুল শোরুমটি উদ্বোধন করে তিনি বলেন, “ভারতের টেসলার যাত্রা শুভ হোক। সঠিক রাজ্যের সঠিক শহর থেকেই তাদের নয়া যাত্রা শুরু হচ্ছে। আমরা এই সংস্থার সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। আশা করি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় থাকবে।” সূত্রের খবর, মুম্বইয়ের এই টেসলা শোরুমটির মাসিক ভাড়া ৩৫ লক্ষ টাকা।
‘মডেল ওয়াই’ দিয়ে ভারতের বাজার প্রবেশ:
টেসলার ভারতের এই প্রথম শোরুমে তাদের জনপ্রিয় এসইউভি ‘মডেল ওয়াই’ প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনের আগেই সাংহাই থেকে এই মডেলের ছয়টি গাড়ি মুম্বইয়ে আনা হয়েছে। ‘মডেল ওয়াই’-এর দুটি ভ্যারিয়েন্ট – লং রেঞ্জ আরডব্লিউডি (RWD) এবং লং রেঞ্জ এডব্লিউডি (AWD) – ভারতের বাজারে পাওয়া যাবে। প্রাথমিকভাবে গাড়িগুলোর রং ডার্ক গ্রে।
#WATCH | Maharashtra CM Devendra Fadnavis today inaugurated the 'Tesla Experience Center' at Bandra Kurla Complex, Mumbai
(Video source: CMO) pic.twitter.com/iUJv4eN1rY
— ANI (@ANI) July 15, 2025
এই গাড়িতে রয়েছে ভয়েস কমান্ড, ওয়ারলেস চার্জিং, ইন্টারনেট কানেক্টিভিটির মতো অত্যাধুনিক প্রযুক্তি। ভারতের বাজারে টেসলার ‘মডেল ওয়াই’-এর দাম ধরা হয়েছে ৫৯.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যদিও এই দামের পেছনে একটি বড় কারণ হলো ভারতে আমদানিকৃত গাড়ির উপর প্রযোজ্য ৭০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক। এই শুল্কের কারণে ভারতীয় ক্রেতাদের অনেক বেশি দাম দিতে হবে, যা নিয়ে টেসলার সিইও ইলন মাস্ক বহুবার ক্ষোভ প্রকাশ করেছেন।
টেসলার এই ভারতীয় যাত্রা দেশের ইলেকট্রিক গাড়ি বাজার এবং সামগ্রিক প্রযুক্তি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।