“মেয়ের ইনসুলিন কেনার টাকাও নেই”-লাইভে থেকেই চরম সিদ্ধান্ত নিলেন ব্যবসায়ী

উত্তরপ্রদেশের লখনউয়ে এক মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। আর্থিক সংকটে জর্জরিত এক রিয়েল এস্টেট ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে নিজের হতাশার কথা জানাতে জানাতে হঠাৎ বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। পুলিশ প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি, তবে এই ঘটনা সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
ফেসবুক লাইভ চলাকালীন ওই ব্যবসায়ী কাঁদতে কাঁদতে নিজের চরম আর্থিক সংকটের কথা বলছিলেন। তাকে বলতে শোনা যায়, “মেয়ের ইনসুলিন কেনার মতো টাকাও নেই আমার কাছে… আমি আর পারছি না।” এই কথা বলতে বলতেই তিনি বন্দুক হাতে নিয়ে নিজের মাথায় গুলি করেন।
পরিবারের সদস্যরা ফেসবুক লাইভ ভিডিওটি দেখে তড়িঘড়ি পুলিশে খবর দেন। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছিলেন। গত কয়েক বছর ধরে তিনি কয়েক কোটি টাকার ঋণ করেছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই তীব্র আর্থিক চাপই তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি তার অফিসের নিরাপত্তারক্ষীর কাছ থেকে বন্দুকটি নিয়েছিলেন। ঘটনার পর পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তির পরিবারের সদস্য এবং ব্যবসায়িক বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে ঘটনার পেছনের আসল কারণ এবং বন্দুক প্রাপ্তির উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।
পরিবার সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির মেয়ে ডায়াবেটিসে আক্রান্ত। ফেসবুক লাইভ ভিডিওতে তাকে পরিবারের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতেও শোনা যায়। তিনি বলেন, “আমি আমার স্ত্রী, সন্তান, বাবা এবং ভাইকে খুবই ভালোবাসি। আমার ব্যবসায় কিছু মানুষের বিশ্বাসঘাতকতা এবং দীর্ঘদিনের আর্থিক বিপর্যয়ের কারণে আমি এই চাপ আর সহ্য করতে পারছি না।”
এই মর্মান্তিক ঘটনা আর্থিক সংকটে থাকা মানুষের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং তাদের প্রতি সামাজিক সহায়তার প্রয়োজনীয়তা আবারও সামনে আনল।