OMG! অজগরের পেটে মিলল কৃষকের দেহ, ঘটনায় ছড়িয়ে পড়লো চাঞ্চল্য

চাষের কাজে গিয়ে তিন দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে এক মর্মান্তিক পরিণতির শিকার হলেন ইন্দোনেশিয়ার এক ৬৩ বছর বয়সী কৃষক। সোমবার সুলাওয়াসি দ্বীপের দক্ষিণ বুটন জেলার মাজাপাহিত গ্রামের চাষের খেত থেকে ২৬ ফুট লম্বা একটি বিশাল অজগরের পেট কেটে উদ্ধার করা হলো তাঁর মরদেহ। এই লোমহর্ষক ঘটনা গোটা গ্রামজুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।
জানা গেছে, গত শুক্রবার সকালে চাষের জমিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন ওই কৃষক। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় শনিবার তাঁর পরিবারের সদস্যরা থানায় নিখোঁজ ডাইরি করেন।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দক্ষিণ বুটন জেলা শাখার প্রধান লাওদে রিসাওয়াল সাংবাদিকদের জানান, “সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মাজাপাহিত গ্রামের খেতের কাছে গ্রামবাসীরা একটি বিশাল আকৃতির অজগরকে পড়ে থাকতে দেখেন। সাপটির পেট অস্বাভাবিকভাবে ফোলা ছিল এবং সেটি নড়াচড়া করতে পারছিল না। গ্রামবাসীদের সন্দেহ হয় যে, সাপটি বড় আকারের কোনো শিকার গলাধঃকরণ করেছে। এরপর তারা সাপটিকে হত্যা করে সেটির পেট কাটেন এবং পেটের ভেতর থেকে নিখোঁজ কৃষকের মৃতদেহ উদ্ধার করা হয়।”
রিসাওয়াল আরও বলেন, উদ্ধার করা মৃতদেহটি গ্রামে তাঁর আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, মাজাপাহিত গ্রামে আস্ত মানুষকে সাপ গিলে ফেলার ঘটনা এই প্রথম ঘটল, যা গ্রামবাসীদের মধ্যে গভীর ভীতির সঞ্চার করেছে। এই ঘটনার পর অনেকে গ্রাম ছেড়ে পালিয়েছেন বলেও জানা যায়।
উল্লেখ্য, বর্ষাকালে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের বন-জঙ্গল, গ্রামাঞ্চল এমনকি কখনও কখনও শহরেও প্রায়ই ২০ ফুট বা তার চেয়েও বেশি দৈর্ঘ্যের বিশালাকৃতির অজগর দেখা যায়। সাধারণত এসব অজগরের খাবারের তালিকায় বন্য বা গবাদি পশু থাকে। মানুষ গিলে ফেলার ঘটনা অত্যন্ত বিরল।
এর আগে ২০১৭ সালে পূর্ব সুলাওয়াসির সালুবিরো গ্রামে আকবর নামের ২৫ বছর বয়সী এক যুবককে ২৩ ফুট লম্বা একটি অজগর গিলে ফেলেছিল। পরে ওই সাপটির পেট কেটে আকবরের মরদেহ উদ্ধার করা হয়েছিল। বর্তমান ঘটনাটি সেই ভয়ঙ্কর স্মৃতিকে আবারও জাগিয়ে তুলেছে।
সূত্র: এনডিটিভি অনলাইন