মুখ বিকৃতি সারবে এবার নিজেদের শহরেই, যেতে হবে না বাইরে! স্বস্তি জলপাইগুড়িতে

দুর্ঘটনার কবলে পড়ে মুখাবয়ব ক্ষতিগ্রস্ত হলে কিংবা অন্য কোনও জটিল সমস্যার জন্য আর কলকাতা বা ভিন রাজ্যে ছুটতে হবে না! জলপাইগুড়ি শহরবাসীর জন্য এক দারুণ সুখবর নিয়ে এল রাজবাড়ী লাগোয়া একটি বেসরকারি হাসপাতাল। সেখানেই সম্প্রতি চালু হয়েছে অত্যাধুনিক ‘ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ইউনিট’, যা উত্তরবঙ্গের চিকিৎসা পরিকাঠামোয় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
মুখ বিকৃতির আধুনিক চিকিৎসা মিলবে হাতের কাছেই
এতদিন মুখ বা চোয়ালের জটিল আঘাত, টিউমার অপসারণ, ফাটা ঠোঁট বা তালুর সমস্যায় স্থানীয় রোগীদের শিলিগুড়ি, কলকাতা এমনকি ভিন রাজ্যেও যেতে হতো। জাতীয় সড়কের পাশে অবস্থিত জলপাইগুড়িতে প্রতিনিয়ত ঘটে চলা ছোট-বড় দুর্ঘটনায় অসংখ্য মানুষ মুখাবয়বে গুরুতর আঘাত পেতেন এবং সঠিক চিকিৎসার অভাবে অসহনীয় দুর্ভোগ পোহাতেন।
কিন্তু এখন সেই পরিস্থিতি পাল্টে গেছে। এই নতুন ইউনিটের সূচনা করেছেন বিশিষ্ট ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডাঃ সৌভিক চ্যাটার্জি। তিনি জানান, “এই সার্জারি ইউনিট মূলত মুখ, চোয়াল, ঠোঁট ও গলার আশপাশের জটিল আঘাত বা ত্রুটির আধুনিক চিকিৎসা করবে। যা এতদিন উত্তরবঙ্গের মতো জায়গায় স্বপ্নের মতোই ছিল।”
ডাঃ চ্যাটার্জি আরও বলেন, “আমরা ইতিমধ্যেই বাইক ও ছোট গাড়ি দুর্ঘটনার একাধিক রোগীর জটিল মুখের অস্ত্রোপচার সফলভাবে করেছি। এই পরিষেবা এক অর্থে জলপাইগুড়িবাসীর বড় প্রাপ্তি।”
কী কী পরিষেবা মিলবে এই ইউনিটে?
এই অত্যাধুনিক সার্জারি ইউনিটে যে সকল পরিষেবা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে:
আক্কেল দাঁত অপসারণ
মুখের ভাঙা হাড় জোড়া লাগানো
মুখে টিউমার অপসারণ
ঠোঁট ও তালু ফাটার সার্জারি (ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট)
এবং মুখের পুনর্গঠন (ফেশিয়াল রিকনস্ট্রাকশন)।
জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজ স্থাপনের পর থেকেই স্বাস্থ্য পরিকাঠামোয় ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন এসেছে। এই নতুন ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ইউনিটের উদ্বোধন সেই অগ্রগতিরই এক নতুন সংযোজন। এবার মুখাবয়বের জটিল ক্ষতও সারবে শহরের মাটিতেই, যা শহরবাসীর জন্য নিঃসন্দেহে এক বিশাল স্বস্তির খবর।