ফলোয়ার বাড়াতে গলায় মাথায় ব্যাঙ নিয়ে নাচ! মহিলার কান্ড দেখে অবাক নেটিজেনরা, দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়া—কারও কাছে নিছক বিনোদনের জায়গা, কেউ আবার ব্যবহার করেন পেশাগত প্রয়োজনেই। কারও কাছে এটি নিজের ভাবনা বা সৃষ্টিকে তুলে ধরার মাধ্যম, তো কারও কাছে হয়ে উঠেছে অ্যাটেনশন পাওয়ার মঞ্চ। আর সেই উদ্দেশ্যেই রোজই উঠে আসে নানা ‘ভাইরাল’ কনটেন্ট—কখনও হাসির খোরাক, কখনও তীব্র সমালোচনার কারণ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক রিল ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। এক মহিলা ফলোয়ার বাড়ানোর চেষ্টায় এমন একটি ভিডিয়ো তৈরি করেছেন, যা দেখে চমকে উঠেছেন অনেকেই। শুধু ভিডিয়োর বিষয়বস্তু নয়, তা ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিও। কারণ, এতে দেখা যাচ্ছে—নাচ করছেন এক মহিলা, আর তাঁর মাথা, গলা ও শরীরের বিভিন্ন অংশে রয়েছে জ্যান্ত ব্যাঙ! যেন ব্যাঙ দিয়ে তৈরি হয়েছে অলংকার, আর সেই অবস্থাতেই চলছে নাচ।

ভিডিয়োটি শেয়ার হয়েছে ‘So Funny Memes’ নামে একটি পেজ থেকে। ক্যাপশনে বিদ্রুপ করে বলা হয়েছে, “এ তো ব্যাঙের রানি!” সঙ্গে নানা হাস্যকর মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট সেকশন। কেউ লিখেছেন, “এটা নাচ না ব্যাঙের যন্ত্রণা”, কেউ বা বলছেন, “ভাইরাল হতে গিয়ে মানুষ আজ কী না করছে!”

 

View this post on Instagram

 

A post shared by Sagar Behera (@soo_funny_memes)

তবে এই ভিডিয়ো ঘিরে যেমন হাসাহাসি হচ্ছে, তেমনি উঠছে প্রশ্নও। অনেকেই বলছেন, সোশ্যাল মিডিয়ার জন্য এমন ঝুঁকিপূর্ণ ও অস্বস্তিকর স্টান্ট মোটেই গ্রহণযোগ্য নয়। পশুর সুরক্ষা ও নৈতিকতার দিক থেকেও এটি প্রশ্নসাপেক্ষ।

আসলে এখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেন এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে—কে বেশি ফলোয়ার পাবেন, কে বেশি ‘লাইক’ আদায় করতে পারবেন। আর সেই দৌড়ে কখনও যুক্তি, কখনও মানবতা বা সংবেদনশীলতা হারিয়ে যাচ্ছে বলেই মত অনেকের।

এই ঘটনার পর ফের একবার প্রশ্ন উঠেছে—ভাইরাল হওয়ার জন্য ঠিক কতদূর যেতে রাজি মানুষ? এবং সেই সীমানা কে ঠিক করে?