“এখন আমি সত্যি দেখতে চাই উত্তেজনাটা…”, ‘ধূমকেতু’র মুক্তি নিয়ে যা বললেন শুভশ্রী

দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির শেষ ছবি ‘ধূমকেতু’ নিয়ে দর্শক মনে বহু বছর ধরেই তুমুল উত্তেজনা ছিল। এই জুটির অনুরাগীরা সুযোগ পেলেই প্রশ্ন তুলতেন, “কবে মুক্তি পেতে চলেছে ধূমকেতু?” অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে! আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবিটি।

ছবিটির মুক্তি নিয়ে একসময় শুভশ্রী রিয়্যালিটি শোয়ে প্রশ্ন তুলতেন, আবার দেবকেও অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে আক্ষেপ করতে দেখা যেত। তবে অবশেষে জটিলতার সকল মেঘ কেটেছে। হাসি ফিরেছে টলিপাড়ার দর্শকদের মুখে। রানা সরকার প্রযোজিত এই ছবি অবশেষে মুক্তি পেতে চলেছে, যা ২৩ মে দেবের প্রযোজনা সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এই খবর সামনে আসার পর থেকেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, দেব-শুভশ্রী কি একসঙ্গে ছবির প্রচারে অংশ নেবেন? এবং ছবির মুক্তি নিয়ে শুভশ্রীর প্রতিক্রিয়া কী? বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় তার আগামী ছবি ‘গৃহপ্রবেশ’-এর প্রচার নিয়ে ব্যস্ত। আর সেই সুযোগেই টিভি৯ বাংলা তাকে ‘ধূমকেতু’-র মুক্তি নিয়ে প্রশ্ন করে। বিন্দুমাত্র দ্বিধাবোধ না করে শুভশ্রী খোলা মনে উত্তর দিলেন।

শুভশ্রী বললেন, “প্রথমত, এই ছবি মুক্তিতে এখনও অনেকটা সময় বাকি আছে। ওটা নিয়ে আলাদা করে আড্ডায় তো বসবই আমরা। আমি এটুকু বলতে পারি, এই যে এতবছরের অপেক্ষা, ‘ধূমকেতু’ কবে আসবে, ‘ধূমকেতু’ কবে আসবে, সেটা আসছে ১৪ অগাস্ট। এখন আমি সত্যি দেখতে চাই উত্তেজনাটা কত বড় হতে পারে। এই ছবিটাকে মানুষ কত বড় করতে পারে, সেটা আমি দেখতে চাই। আমাদের যা করার আমরা করে দিয়েছি। ‘ধূমকেতু’ আসছে, কবে আসবে, আসবে কি আসবে না, সে উত্তর আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু মানুষের পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু পাশ হতে হবে।”

অর্থাৎ, নায়িকার কথায়, এখন এটাই দেখার, এই বহু প্রতীক্ষিত ছবিকে দর্শক ঠিক কতটা ভালোবাসা দিয়ে সফল করে তোলে। দেব-শুভশ্রী জুটির ম্যাজিক আবারও পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ১৪ আগস্ট কি ‘ধূমকেতু’ বক্স অফিসে ঝড় তুলতে পারবে?