‘বাচ্চাটি মরে গেলে ভালো হয়, গাড়ির তলায় দিয়ে দেব?’- মাঝরাস্তায় সন্তানকে শুইয়ে প্রশ্ন মায়ের! অতঃপর….

হিঙ্গলগঞ্জের ছোট সাহেব খালি এলাকায় মাঝরাস্তার ওপর সাত মাসের এক শিশুকে শোয়ানো অবস্থায় দেখে পথচারীরা ভিড় জমান। অদূরে এক মহিলাকে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞাসা করতেই বেরিয়ে আসে এক হাড়হিম করা তথ্য – ওই শিশুই তার সন্তান এবং সে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল! এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সোমবার সন্ধ্যায় হিঙ্গলগঞ্জের দুলদুলিতে বাপের বাড়ি এবং ছোট সাহেব খালি এলাকায় শ্বশুরবাড়ি এমন এক মাঝবয়সী মহিলাকে তার বাচ্চাকে নিয়ে সাহেব খালি নদীর এমএলএ স্কুলের ফেরিঘাটে বসে থাকতে দেখেন স্থানীয়রা। সাত মাসের শিশুটিকে রাস্তার ওপরে শুইয়ে রাখা হয়েছিল। এলাকাবাসীরা তাকে জিজ্ঞাসা করলে ওই মহিলা নির্বিকার ভঙ্গিতে বলেন, “বাচ্চাটি মরে গেলে ভালো হয়, বাচ্চাটিকে কি গাড়ির তলায় দিয়ে দেবো?” এমন ধরনের নানা কথা বলতে থাকেন তিনি।

এরপর মহিলা হঠাৎ করেই বাচ্চাটিকে ছুড়ে ফেলে দেন বলেও অভিযোগ ওঠে। এলাকাবাসীরা দ্রুত বাচ্চাটিকে উদ্ধার করে এবং শিশুটিকে বাঁচাতে সক্ষম হয়। এরপর ওই মহিলা নিজেই নদীতে নেমে যান। তাকে বাঁচাতে এলাকার মহিলা এবং লোকজন নদীর ঘাটে জড়ো হয়ে যান। নদী থেকে উঠে এসে মহিলা সাধারণ মানুষের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে আছাড় মারারও চেষ্টা করেন বলে অভিযোগ। স্থানীয় মহিলাদের তৎপরতায় বাচ্চাটি আবারও রক্ষা পায়।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে মহিলার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশও আসে। প্রাথমিকভাবে পুলিশও মনে করছে, ওই মহিলার মানসিক সমস্যা রয়েছে। পুলিশ বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।