প্রেমের সম্পর্ক ভাঙার শাস্তি! প্রেমিকাকে স্ক্রু ড্রাইভারের ৩০ কোপে খুন করল প্রেমিক, গ্রেফতার অভিযুক্ত

প্রেমের সম্পর্ক থেকে সরে আসার ‘অপরাধে’ প্রেমিকাকে স্ক্রু ড্রাইভার দিয়ে ৩০ বারের বেশি কোপানোর পর হত্যা করেছে প্রেমিক। উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই হাড়হিম করা ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, প্রেমিকার শরীরের বিভিন্ন অংশে, এমনকি গোপনাঙ্গেও আঘাত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বছর কুড়ির তরুণী সাইরার সঙ্গে স্থানীয় যুবক রফির প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা চলছিল। জানা গেছে, সাইরা সম্প্রতি রফিকে মারার জন্য কয়েকজন লোককে ঠিক করেছিলেন। অন্যদিকে, ঘটনার দিন অর্থাৎ গত শনিবার, রফিও প্রতিশোধ নিতে সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছিল।

সাইরা যখন ঘাস কাটতে খেতে গিয়েছিল, তখনই রফি তাকে একা পেয়ে ঝাঁপিয়ে পড়ে। সেখানেই তাকে স্ক্রু ড্রাইভার দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। পোস্টমর্টেম রিপোর্টে ৩০ বারের বেশি কোপানোর চিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে গোপনাঙ্গেও আঘাতের উল্লেখ রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রফি সাইরাকে শ্বাসরোধ করেও হত্যা করার চেষ্টা করেছিল।

এদিকে মেয়ে বাড়ি না ফেরায় সাইরার মা সফিনা তাকে খুঁজতে বের হন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর একটি মন্দির থেকে কিছুটা দূরে সাইরার ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন তিনি। সফিনার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে যায় এবং পুলিশে খবর দেয়। স্থানীয় থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে যে, রফি সাইরাকে পছন্দ করত এবং তাদের সম্পর্কও ছিল। কিন্তু সাইরা অন্য এক ছেলের সঙ্গে কথা বলছিল বলে রফি জানতে পারে এবং তাকে পেটানোর ব্যবস্থাও করেছিল। এতে ক্ষুব্ধ হয়ে রফি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। গ্রেপ্তারকৃত রফি পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছে। এই ঘটনা মোরাদাবাদে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।