আজ বাবা লোকনাথের তিরোধান তিথিতে কী কী নিবেদন করবেন? প্রিয় ভোগ কী? একনজরে দেখেনিন

আজ, উনিশে জ্যৈষ্ঠ, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে মঙ্গলবার, লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। এই বিশেষ দিনটিতে বাংলার ঘরে ঘরে বাবা লোকনাথের পুজো অনুষ্ঠিত হচ্ছে পরম নিষ্ঠা ও ভালোবাসার সাথে। সারাদিন যে কোনো সময়ে বাবার পুজো করা গেলেও, এই পুজোর ক্ষেত্রে বিশেষ কিছু কড়া নিয়ম নেই। তবে বাবার পছন্দের ভোগ ও ফুল নিবেদন করে এই দিনটি পালন করা হয়।
শোনা যায়, বাবা লোকনাথ স্বয়ং ভোলেনাথের অবতার ছিলেন। উত্তর ২৪ পরগনা জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল রাম নারায়ণ ঘোষাল এবং মায়ের নাম কমলা দেবী। জন্মাষ্টমীর পবিত্র তিথিতেই তার জন্ম হয়েছিল।
লোকনাথ বাবা বাঙালির কাছে অত্যন্ত জাগ্রত দেবতা হিসেবে পরিচিত। রণে, বনে, জলে, জঙ্গলে – যে কোনো বিপদে তাকে স্মরণ করলে তিনি সাড়া দেন বলে ভক্তদের বিশ্বাস। এই বিশ্বাসেই বাঙালিরা অত্যন্ত নিষ্ঠার সাথে তার পুজো করেন।
লোকনাথ বাবার প্রিয় ভোগ হলো মিছরি। এছাড়া, এই দিন আমৃতি জিলিপি তাকে নিবেদন করা হয়, কারণ এটি তার অত্যন্ত প্রিয় খাবার। চিনির পায়েস এবং সন্দেশ, বিশেষ করে সাদা সন্দেশ, তার পুজোয় অবশ্যই নিবেদন করা হয়।
ফুলের ক্ষেত্রে নীল ফুল নিবেদন করা খুব শুভ বলে মনে করা হয়। নীল ফুলের মধ্যে নীল শাপলা বিশেষভাবে তার প্রিয়। তাই নীল শাপলা নিবেদন করে ভক্তরা তাদের মনস্কামনা জানাতে পারেন। এছাড়াও পুজোয় নানা রকম মরসুমি ফল দেওয়া হয়। সাদা রং লোকনাথ ব্রহ্মচারীর খুব প্রিয়, তাই সাদা ফুলও তার পুজোয় ব্যবহার করা হয়।
ভক্তদের বিশ্বাস, মন থেকে তাকে ডাকলে যেকোনো সময় তার সাড়া পাওয়া যায়। আজ তার তিরোধান দিবসে, দেশজুড়ে ভক্তরা তাদের প্রিয় বাবাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করছেন।