প্রতিশ্রুতি পূরণের পথে মমতা! বাংলায় নতুন মহকুমা তৈরির ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা

ওয়াকফ আইন সংশোধনের জেরে উত্তাল হয়েছিল মুর্শিদাবাদ। প্রতিবাদের আগুনে পুড়েছিল সুতি, সামশেরগঞ্জের শান্ত জনপদ। প্রাণ বাঁচাতে ঘরছাড়া হয়েছিলেন বহু মানুষ। সেই অশান্তির আবহে ‘নবাবের শহরে’ গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, প্রশাসনিক জটিলতা কমাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন মহকুমা তৈরি হবে। সেই প্রতিশ্রুতি অবশেষে বাস্তবায়িত হল।
মুর্শিদাবাদের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী সেখানকার প্রশাসনিক জটিলতা তুলে ধরে নতুন মহকুমা গঠনের কথা বলেছিলেন। সোমবার রাজ্য মন্ত্রিসভার বিশেষ অনুমোদনে সুতি ১ ও ২, ফারাক্কা এবং সামশেরগঞ্জ নিয়ে তৈরি হল ‘ফারাক্কা মহকুমা’। নবান্ন সূত্রে খবর, এর ফলে পুলিশি কাজকর্ম পরিচালনায় আরও সুবিধা হবে।
শুধু মহকুমা গঠনই নয়, প্রশাসনিক কাজ আরও মসৃণ করতে ১০৯টি নতুন পদও তৈরি করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভা তাতেও সম্মতি দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই নতুন মহকুমা গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
কয়েক মাস আগে মুর্শিদাবাদের হিংসার ছবি আজও টাটকা। প্রাণভয়ে ঘরছাড়া হয়েছিলেন বহু মানুষ, শুধু সামশেরগঞ্জেই রাতারাতি ৫০০-র বেশি পরিবারকে পালাতে হয়েছিল। সেই কঠিন সময়ে মুখ্যমন্ত্রী ‘নবাবের শহরে’ গিয়ে নতুন মহকুমা তৈরির আশ্বাস দিয়েছিলেন। সুতি, ফারাক্কা এবং ধুলিয়ানের মাঝামাঝি কোথাও তৈরি হবে নতুন মহকুমার সদর দফতর, এমনটাই জানিয়েছিলেন তিনি। কয়েক সপ্তাহের মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণ করে মুখ্যমন্ত্রী যেন বুঝিয়ে দিলেন, কঠিন পরিস্থিতিতেও তিনি মুর্শিদাবাদের মানুষের পাশে আছেন।