ভয়াবহ! রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু এক মহিলার! বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা

মহামারির ভয়াল রূপ কাটিয়ে যখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তখনই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু রাজ্যে উদ্বেগ বাড়িয়েছে। এটি চলতি বছরে বাংলায় প্রথম করোনায় হওয়া মৃত্যু। মৃত ৪৩ বছর বয়সী মহিলা আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। গত ৪৮ ঘণ্টায় তার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হয়, একাধিক হার্ট অ্যাটাক এবং অক্সিজেনের অতিমাত্রায় চাহিদা দেখা দেয়। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

চিকিৎসকরা জানিয়েছিলেন যে, বর্তমানে গোটা দেশে ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণাত্মক হলেও তা মৃত্যুমিছিল তৈরি করবে না। তাদের মতে, কোমর্বিডিটি না থাকলে এই পর্যায়ে করোনার চোখ রাঙানোর মতো কোনো পরিস্থিতি নেই। কিন্তু তা সত্ত্বেও এই মহিলার মৃত্যু অনেক প্রশ্ন তৈরি করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, শুধুমাত্র অক্সিজেনের চাহিদার কারণেই তার প্রাণ যায়, শরীরে কোমর্বিডিটির কোনো লক্ষণ ছিল না।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩৩১ থেকে বেড়ে ৩৭২-এ পৌঁছেছে। অন্যদিকে, একই সময়ে গোটা দেশেও করোনা আক্রান্তের সংখ্যা হুড়মুড়িয়ে বেড়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজারের গণ্ডি পেরিয়ে গেছে। বাংলা ছাড়াও মহারাষ্ট্রে ২ জন, কেরলে ১ জন এবং তামিলনাড়ুতে ১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে, বাংলা বাদে বাকি রাজ্যগুলিতে মৃতদের বয়স ষাটোর্ধ্ব বলে জানা গেছে। এই নতুন মৃত্যুর ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এবং স্বাস্থ্য বিভাগকে আরও সতর্ক থাকতে বাধ্য করেছে।