‘অনুব্রতর অডিয়ো ক্লিপ ভাইরাল করেছেন কাজল’-দাবি শুভেন্দুর! আইনি হুঁশিয়ারি দিলেন TMC নেতা

অনুব্রত মণ্ডলের একটি ভাইরাল কল রেকর্ডিং ফাঁস হওয়া নিয়ে রাজ্য-রাজনীতিতে জোর জল্পনা চলছে। স্বয়ং অনুব্রত মণ্ডল এই ঘটনায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং প্রশ্ন তুলেছেন, কে এই রেকর্ডিং ফাঁস করেছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করে দাবি করেছেন যে, এই অডিও ক্লিপ ফাঁস করেছেন তৃণমূল নেতা এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

শুভেন্দু অধিকারী বলেন, “উনি (অনুব্রত মণ্ডল) ওই অভিযুক্তের কণ্ঠস্বর রেকর্ড করেছেন। তারপর সেটা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে পাঠিয়েছেন। কাজল শেখ সেই অডিয়ো রেকর্ড ফাঁস করেছেন।” শুভেন্দুর এই দাবি তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকে আরও একবার সামনে এনেছে এবং রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

শুভেন্দু অধিকারীর এই দাবির তীব্র বিরোধিতা করে কাজল শেখ তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “আমি ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব। উনি কিছু না জেনে কী ভাবে এই মন্তব্য করলেন? আমি ওনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব।”

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও, কাজল শেখ দলের অবস্থান তুলে ধরে বলেন, “গোটা বিষয়টার ওপরে দল নজর রাখছে। একজন ব্যক্তির মন্তব্যের জন্য দলের ভাবমূর্তি খারাপ হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মহিলারা রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুবারা রয়েছেন। ২০২৬-এর ভোটে বিজেপিকে বাংলা থেকে বিদায় করে ছাড়ব।”