ফোন কলে IC-কে হুমকি অনুব্রতর, অবশেষে ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলল থানা!

বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য এবং প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আবারও পুলিশকে হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দাবি করেছেন যে, অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

সুকান্ত মজুমদার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “বীরভূমের ছাল ছাড়ানো বাঘের মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে ঠিক কী ভাষায় কথা বলছেন!” তিনি আরও দাবি করেন, এই অডিও ক্লিপটি অনুব্রত মণ্ডলের সেই উগ্র রূপেরই প্রতিচ্ছবি।

প্রকাশিত অডিও ক্লিপটিতে শোনা যাচ্ছে, বীরভূমের কেষ্ট মণ্ডল বলে পরিচিত অনুব্রত মণ্ডল বোলপুরের আইসি লিটন হালদারকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। এমনকি তিনি পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ডেপুটেশন জমা দেওয়ার কথা বলছেন এবং আইসিকে ‘কাজলের লোক’ বলেও উল্লেখ করছেন।

তবে, সোশ্যাল মিডিয়ায় সুকান্তর তুলে ধরা এই রেকর্ডিং নিয়ে বোলপুর থানা দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। বোলপুরের আইসি লিটন হালদার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে, ওই রেকর্ডিং একেবারেই ভুয়ো।

উল্লেখ্য, সম্প্রতি এই আইসি লিটন হালদারের বিরুদ্ধেই কিন্তু সরব হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তিনি অভিযোগ করেছিলেন যে, বোলপুর শহরে আইসি-র নেতৃত্বে তোলাবাজি চলছে। কেষ্ট মণ্ডল তখন বলেছিলেন, “যাকে-তাকে মেসেজ করে টাকা চাইছে। কেউ FIR করতে গেলেও টাকা চাইছে। বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।” অনুব্রত জানিয়েছিলেন, এই ‘বিতর্কিত’ আইসি-র বিরুদ্ধে তিনি বোলপুর পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে অভিযোগ দায়ের করেছেন। সেই ঘটনার কয়েকদিন পরেই এবার এই নতুন অডিও ক্লিপ ভাইরাল হলো, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।