ঘরের মধ্যে পড়ে আছে অঙ্গনওয়ারী কর্মীর অর্ধনগ্ন দেহ! কে করল এমন? এলাকায় চাঞ্চল্য

নদিয়ার চাপড়ার দৈয়ের বাজারে এক অঙ্গনওয়াড়ি কর্মীর রক্তাক্ত অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার নাম মঞ্জুলা দাস, আনুমানিক বয়স ৫৫ বছর। তাঁর বাড়ি দৈয়েরবাজার উত্তর ঢাকা পড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঞ্জুলা দেবী বিবাহিত হলেও তিনি একাই থাকতেন। তাঁর স্বামীর বাড়ি চাপড়াতেই, এবং তিনি মাঝেমধ্যে স্ত্রীর কাছে আসতেন। গতকাল রাতে মঞ্জুলা দেবী একাই ছিলেন বলে খবর। আজ সকালে তাঁর সহকর্মীরা এসে ডাকাডাকি করলে কোনও সাড়া না পাওয়ায় তাঁরা এলাকাবাসীকে জানান।
এলাকাবাসী দরজা খুলে মঞ্জুলা দেবীকে অর্ধনগ্ন ও রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তি মাঝেমধ্যে ওই প্রৌঢ়াকে উত্যক্ত করত এবং সে বিষয়ে তিনি পুলিশকেও জানিয়েছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অর্ধনগ্ন দেহ উদ্ধার হওয়ায় মহিলা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন কিনা, তা-ও খতিয়ে দেখছে তদন্তকারী দল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।